এআই নিরাপত্তায় কঠোর পরীক্ষার দাবি অ্যামাজনের: সিলিকন ভ্যালিতে নতুন বিতর্ক
সিলিকন ভ্যালিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর নিরাপত্তা ও মানবজাতির ওপর এর ঝুঁকি নিয়ে চলমান বিতর্কে এবার মুখ খুলেছে প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যেকোনো এআই মডেল জনসমক্ষে আনার আগে সেটির কঠোর পরীক্ষা-নিরীক্ষা ও শক্তিশালী সুরক্ষাকবচ নিশ্চিত করা জরুরি। তবে এআই প্রযুক্তির সামগ্রিক উন্নয়ন বা গবেষণার গতি ধীর করার কোনো আহ্বানে তারা সরাসরি সায় দেয়নি।
অগ্রগতি ও নিরাপত্তা বিপরীতমুখী নয়
যুক্তরাষ্ট্রের সেয়াটলভিত্তিক এই টেক জায়ান্টের এক মুখপাত্র রয়টার্সকে জানান, অগ্রগতি এবং নিরাপত্তাকে তারা পৃথক বা বিপরীতমুখী বিষয় হিসেবে বিবেচনা করেন না। কেবল কঠোর পরীক্ষা এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে যখন একটি মডেল সম্পূর্ণ প্রস্তুত হবে, তখনই তা ব্যবহারের জন্য প্রকাশ করা উচিত।
কৃত্রিম বুদ্ধিমত্তা যেন মানুষের নিয়ন্ত্রণের বাইরে না চলে যায় এবং বৈশ্বিক ব্যবস্থার জন্য হুমকি না হয়ে দাঁড়ায়—এমন আশঙ্কায় সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি শীর্ষ এআই ল্যাব উন্নয়নকাজ কিছুটা ধীরগতির করার তাগিদ দিয়েছে। তবে অ্যামাজন মনে করে, পুরো শিল্পখাত ও সরকারের যৌথ অংশীদারিত্বে উপযুক্ত সুরক্ষানীতি তৈরি করে ঝুঁকি মোকাবেলা করা সম্ভব।
এআই বাজারে অ্যামাজনের ভূমিকা
অ্যামাজন মূলত তাদের অঙ্গপ্রতিষ্ঠান ‘অ্যামাজন ওয়েব সার্ভিসেস’ (এডব্লিউএস) এবং আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স (এজিআই) ইউনিটের মাধ্যমে নিজস্ব এআই প্রযুক্তি তৈরি করছে। তাদের তৈরি এই প্রযুক্তি ভয়েস অ্যাসিস্ট্যান্ট ‘অ্যালেক্সা’সহ একাধিক সেবায় ব্যবহৃত হয়। এছাড়া তাদের ‘বেডরক’ প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানকে অন্যান্য প্রতিদ্বন্দ্বী এআই মডেল ব্যবহারের সুবিধা দেওয়া হয়।
এর আগে অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই এআই উন্নয়নের গতি কমানোর প্রস্তাব রেখে একটি দীর্ঘ নিবন্ধ লেখেন। পরবর্তীতে ওপেনএআই, এক্সএআই, গুগল ডিপমাইন্ড এবং মাইক্রোসফট প্রযুক্তি খাতে এক বিরল ঐক্য প্রদর্শন করে কিছুটা সজাগ ও সংযতভাবে এগোনোর পক্ষে অবস্থান নেয়।
প্রতিষ্ঠানগুলোর ভিন্ন অবস্থান ও ট্রাম্পের প্রতিক্রিয়া
তবে মেটা ও এনভিডিয়ার প্রধান নির্বাহীরা অন্য এআই ডেভেলপারদের এই গতি কমানোর চিন্তাভাবনা থেকে দূরত্ব বজায় রেখেছেন। তাদের মতে, প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি মূল্যায়ন ও নিয়ন্ত্রণ করা প্রতিটি প্রতিষ্ঠানের নিজস্ব দায়িত্ব। অ্যামাজনের সাম্প্রতিক বক্তব্য মূলত মেটা ও এনভিডিয়ার এই বাস্তবমুখী অবস্থানের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ।
এদিকে এআই নিরাপত্তা সংক্রান্ত এ উৎকণ্ঠা হোয়াইট হাউস পর্যন্ত পৌঁছালেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তা সংক্রান্ত এই উদ্বেগকে ‘গুজব’ বা ‘ভুয়া’ বলে আখ্যা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, এআই নিয়ন্ত্রণে কোনো বিশেষ ব্যবস্থার দরকার নেই, কেবল একজন বুদ্ধিমান ও শক্তিশালী প্রেসিডেন্ট থাকাই যথেষ্ট।
সুত্র: রয়টার্স
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











