ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া ছয় প্রার্থীর আবেদনই যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছে জেলা নির্বাচন কার্যালয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম চূড়ান্ত যাচাই-বাছাই প্রক্রিয়া পরিচালনা করে সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন।
মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থীরা হলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ্ মাসুদ, ১১ দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
প্রাসঙ্গিক সংবাদ
নির্বাচন কর্মকর্তার মন্তব্য ও তফসিল
যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, আসনটিতে ৫টি রাজনৈতিক দল থেকে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছিলেন। নির্ধারিত নিয়ম অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা শেষে সবার আবেদনই বৈধ হিসেবে গৃহীত হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে প্রার্থী, রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ৭ অক্টোবর। ৮ অক্টোবর প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। পরবর্তীতে আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তীতে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











