মিডিয়া শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল
গণতন্ত্রকে শক্তিশালী করতে সংবাদমাধ্যমকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা এবং সাহসিকতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সমবায়মন্ত্রী বলেন, সাংবাদিকদের নির্ভীকভাবে সত্য প্রকাশ করতে হবে। ভালো কাজের যেমন স্বীকৃতি দিতে হবে, তেমনি অন্যায়ের সমালোচনা করতেও পিছপা হওয়া যাবে না। সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সৎ সাহসই সাংবাদিকতার আসল শক্তি। রাজনীতিবিদদের ভুলত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানো গণমাধ্যমের একটি বড় দায়িত্ব।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও উল্লেখ করেন, রাজনীতিবিদরা কোনোভাবেই সমালোচনার ঊর্ধ্বে নন। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কাজ করার সময় ভুল হওয়া স্বাভাবিক। সেই ভুলগুলো ধরিয়ে দেওয়া, জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনগণের স্বার্থে সত্য উন্মোচন করাই গণমাধ্যমের মূল কাজ। তবে অনেক সময় সত্য প্রকাশের জন্য সাংবাদিকদের নানা ধরনের হয়রানি ও হামলার শিকার হতে হয়, যা অত্যন্ত উদ্বেগজনক। একটি দেশের গণতান্ত্রিক ব্যবস্থার সফলতা মূলত স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী সংবাদমাধ্যমের ওপর নির্ভর করে। তাই গণমাধ্যমের স্বাধীন কর্মপরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে মন্ত্রী জানান, ঠাকুরগাঁওয়ে ইতোমধ্যে নতুন দুটি উপজেলার অনুমোদন দেওয়া হয়েছে এবং এ সংক্রান্ত আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। তবে কেবল অবকাঠামোগত উন্নয়নই নয়, এর পাশাপাশি দক্ষ, সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার প্রতিও বিশেষ জোর দেন তিনি। তিনি সাংবাদিকদের ব্যক্তি নয়, বরং কাজকে মূল্যায়ন করার অনুরোধ জানান এবং দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকার তাগিদ দেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে তিনি ঠাকুরগাঁও প্রেসক্লাবের নতুন কমিটিকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করেন যে, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তারা জনমানুষের আস্থা ধরে রাখবেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











