আন্দামানে গভীর নিম্নচাপ: চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
উত্তর আন্দামান সাগর এবং তৎসংলগ্ন মিয়ানমার উপকূলীয় এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম করার প্রক্রিয়ায় রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের স্বাক্ষর করা এক বিশেষ আবহাওয়া বার্তায় এই তথ্যাদি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি গত মধ্যরাতে (২৮ সেপ্টেম্বর) ১৭.০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৭.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল। এটি আজ সকালের মধ্যেই মিয়ানমার ও কিয়াইকতো অঞ্চল দিয়ে উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এর ফলে নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী অঞ্চলে সাগর বেশ উত্তাল রয়েছে।
চট্টগ্রাম ও কক্সবাজার বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখানোর পাশাপাশি মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে প্রয়োজনীয় সতর্কতা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সকল নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগর এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে বিচরণ না করতে কঠোর পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











