যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিউ ইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার

২৯ সেপ্টেম্বর ২০২৬ - ২৩:৫৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিউ ইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'দ্য নিউ ইয়র্ক টাইমস'-এর এক শীর্ষ কর্মকর্তাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহত জোনাথন ম্যাককিনসির (৪০) শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​গত শনিবার ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৫৬ কিলোমিটার পূর্বে অবস্থিত ডাবলিন শহরের 'ডাবলিন স্পোর্টস গ্রাউন্ড' এলাকার পার্কিংয়ে এ ঘটনা ঘটে। নিহতের নাম জোনাথন ম্যাককিনসি। তিনি নিউ ইয়র্ক টাইমসের 'গেমস প্লেয়ার এক্সপেরিয়েন্স' বিভাগের ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর পদে কর্মরত ছিলেন। পত্রিকা কর্তৃপক্ষও তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

​ঘটনাস্থলেই নিহতের মৃত্যু, কয়েক মিনিটের মধ্যে গ্রেপ্তার ২

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৩টার দিকে গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পার্কিং এলাকায় জোনাথন ম্যাককিনসিকে একাধিক গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

​ঘটনার পরপরই এলাকা ছেড়ে যাওয়ার সময় নিহতের শ্বশুর শউইয়্যং ঝাং (৭৭) এবং শাশুড়ি শিলি চেনকে (৭৭) গ্রেপ্তার করে পুলিশ।

​আসাদ রাজাভি নামের এক প্রত্যক্ষদর্শী জানান, গুলির বিকট শব্দ শুনে এগিয়ে গিয়ে তিনি মাটিতে লুটিয়ে থাকা ব্যক্তিটির মাথা ও বুকে রক্ত দেখতে পান। তাঁর মেয়ে জানান, গুলির পর ওই প্রবীণ দম্পতিকে কোনো তাড়াহুড়ো না করে স্বাভাবিকভাবে হেঁটেই এলাকা ত্যাগ করতে দেখা যায়। তবে কয়েক মিনিটের মধ্যেই টহলরত এক পুলিশ কর্মকর্তা তাঁদের ধরে ফেলেন।

​হত্যাকাণ্ডের নেপথ্যে তদন্ত ও বিচার প্রক্রিয়া

গ্রেপ্তার হওয়া দম্পতির বিরুদ্ধে প্রথম মাত্রার হত্যা (ফার্স্ট ডিগ্রি মার্ডার), অপরাধমূলক ষড়যন্ত্র, মারাত্মক অবহেলার সঙ্গে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং শিশুর নিরাপত্তা বিপন্ন করার মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। তাঁদের বর্তমানে সান্তা রিটা কারাগারে রাখা হয়েছে।

​এই নির্মম হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনও উদঘাটন করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ক্যালিফোর্নিয়া পুলিশ ঘটনাটির নিবিড় তদন্ত চালাচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0