ইউক্রেনে রাশিয়ার প্রবল বিমান হামলা: শিশুসহ নিহত ৩, পোল্যান্ড-রোমানিয়ার আকাশসীমায় যুদ্ধবিমান
ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের অঞ্চলে ভোরে রাশিয়ার ব্যাপক বিমান ও ড্রোন হামলায় অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে এক শিশু রয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এসব তথ্য জানা গেছে।
কিয়েভ নগর সামরিক প্রশাসন টেলিগ্রামে জানিয়েছে, মূল কিয়েভ শহরে হামলায় দুজনের মৃত্যু হয়েছে এবং চারজন আহত হয়েছেন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, আক্রমণের পরপরই বেশ কয়েকটি স্থানে আগুন ছড়িয়ে পড়ে। এতে বেশ কিছু আবাসিক ঘরবাড়ি, দোকানপাট এবং গুদাম ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো শহর।
কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তাকাচেঙ্কো জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে এক শিশু প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছেন তিনজন। পাশাপাশি স্থানীয় অবকাঠামো, আবাসিক বাড়ি, যানবাহন ও গুদামঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রাশিয়ার সংঘাত তীব্র হওয়ায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নিজেদের আকাশসীমা রক্ষায় সামরিক যুদ্ধবিমান পাঠিয়েছে প্রতিবেশী দেশ পোল্যান্ড ও রোমানিয়া। ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর সদস্য এই দুই দেশ তাদের সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
অন্যদিকে, পাল্টা পদক্ষেপ হিসেবে ইউক্রেনও রাশিয়ার সামারা অঞ্চলে ড্রোন পরিচালনা করেছে। মস্কোর দক্ষিণ-পূর্বে প্রায় ১,১০০ কিলোমিটার দূরের এই তেল উৎপাদন ও শোধন কেন্দ্রটিতে ইউক্রেনীয় ড্রোনের আঘাতে কয়েকটি আবাসিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সামারা অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ ফেদোরিশচেভ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











