জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ নিজস্ব যোগ্যতায়: মাহদী আমিন

৩০ সেপ্টেম্বর ২০২৬ - ২১:২৭
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ নিজস্ব যোগ্যতায়: মাহদী আমিন
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে ব্যারিস্টার জাইমা রহমানের নিয়োগ সম্পূর্ণ নিজস্ব পেশাগত যোগ্যতা ও মেধার ভিত্তিতে হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে বাংলাদেশ সরকার কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলেও স্পষ্ট করেন তিনি।

​বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক নিউইয়র্ক সফর সম্পর্কে জানাতে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

​সরকার বা মিশনের কোনো সম্পৃক্ততা নেই

সংবাদ সম্মেলনে ড. মাহদী আমিন উল্লেখ করেন, ব্যারিস্টার জাইমা রহমানকে বাংলাদেশ সরকার বা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোনো পদে পদায়ন করা হয়নি। এমনকি জাতিসংঘে বাংলাদেশ সরকারের স্থায়ী মিশনেও তার কোনো পদ দেওয়া হয়নি।

​তিনি জানান, জাইমা রহমান সরাসরি জাতিসংঘের সদর দফতরে সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে যুক্ত হয়েছেন। জাতিসংঘের নিজস্ব আইন ও নীতিমালা অনুসরণ করে তাদের সংশ্লিষ্ট মানবসম্পদ বিভাগ এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে। তার পদায়নের যাবতীয় প্রশাসনিক প্রক্রিয়া ও আর্থিক সুবিধা জাতিসংঘই বহন করছে, যা জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটেও রয়েছে।

​মেধা ও অভিজ্ঞতার ভিত্তিতে পি-৩ পদে নিয়োগ

জাতিসংঘের পেশাগত কাঠামোর বর্ণনা দিয়ে ড. মাহদী আমিন বলেন, সাধারণত পি-১ পদ নতুন স্নাতকদের জন্য, পি-২ পদের জন্য ন্যূনতম দুই বছর এবং পি-৩ পদের জন্য অন্তত পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা প্রয়োজন হয়। জাইমা রহমান তার অর্জিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে একটি উন্মুক্ত প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে পি-৩ স্তরের এই পদে নিয়োগ পেয়েছেন।

​তিনি আরও বলেন, অতীতে রাজনৈতিক বা পারিবারিক প্রভাব ব্যবহার করে আন্তর্জাতিক মিশনে পদায়ন কিংবা প্রতিনিধিদলে অন্তর্ভুক্তির যে প্রবণতা দেখা যেত, তার ক্ষেত্রে সেটি ঘটেনি। তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গেও কোনোভাবে যুক্ত ছিলেন না। আন্তর্জাতিক অঙ্গনে নিজস্ব মেধার জোরে এমন সাফল্য অর্জনকে স্বাগত জানানো উচিত উল্লেখ করে তিনি এ বিষয়টি নিয়ে রাজনৈতিক অপপ্রচার না চালানোর আহ্বান জানান।

​সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং ডেপুটি প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান ও মো. সুজাউদ্দৌল্লা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0