প্রবীণদের সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রবীণ নাগরিকদের সামাজিক মর্যাদা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বহুমাত্রিক পরিকল্পনা নিয়ে কাজ করছে। বয়স্ক ভাতার আওতা বাড়ানো, ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান এবং প্রাথমিক চিকিৎসা সুবিধার প্রসারের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে আরও কার্যকর করা হচ্ছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ৩৬তম ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬’ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) এই বাণী দেওয়া হয়। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘দীর্ঘায়ুর যুগ: দীর্ঘ জীবন নিশ্চিত করতে ব্যবস্থাপনায় নতুন ভাবনা’।
বয়স্ক ভাতা ও সামাজিক সুরক্ষার ওপর গুরুত্ব
বাণীতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি ও বর্ধিত স্বাস্থ্যসচেতনতার ফলে বিশ্বজুড়ে মানুষের গড় আয়ু বাড়ছে। এই দীর্ঘ জীবন নতুন সম্ভাবনার সৃষ্টি করার পাশাপাশি প্রবীণদের সামাজিক সুরক্ষা, স্বাস্থ্যসেবা ও পারিবারিক সহায়তার কাঠামোকে সময়োপযোগী করার প্রয়োজনীয়তাও তৈরি করেছে।
তিনি জানান, প্রবীণদের স্বার্থরক্ষায় বর্তমান সরকার পূর্ণ সচেতন। নির্বাচনকালীন ইশতেহারে ঘোষিত কল্যাণমুখী রাষ্ট্রের ধারণার আলোকে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষায় কাজ চলছে। প্রবীণদের অবহেলা না করে তাঁদের সুস্বাস্থ্য বজায় রাখা এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রাখার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
পারিবারিক মূল্যবোধ ও প্রবীণদের অবদান
প্রবীণদের সমাজ ও পরিবারের মূল ভিত্তি হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, জ্যেষ্ঠ নাগরিকদের ত্যাগ, অভিজ্ঞতা এবং প্রজ্ঞার ওপর ভর করেই আজকের বাংলাদেশ নির্মিত হয়েছে। তাই একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনে প্রবীণদের প্রতি সযত্ন দৃষ্টিভঙ্গি বজায় রাখা আবশ্যক।
তিনি পরিবার, সমাজ ও রাষ্ট্র—এই তিন স্তরেই প্রবীণদের প্রতি শ্রদ্ধা, সহানুভূতি ও দায়িত্বশীলতার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান। প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বজায় থাকলে সমাজে প্রবীণদের অধিকার ও মর্যাদা চিরকাল সুরক্ষিত থাকবে। বাণীর শেষে তিনি আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬-এর সার্বিক সফলতা কামনা করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











