চুয়াডাঙ্গার দামুড়হুদায় বাকবিতণ্ডার জেরে ফল বিক্রেতাকে কুপিয়ে হ/ত্যা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মধু আলী (৬০) নামের এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতা নিহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যার দিকে সবজি বিক্রেতা মামুনের ছুরিকাঘাতে কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুচির বটতলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মধু আলী দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কার্পাসডাঙ্গা মুচির বটতলা এলাকায় ভ্রাম্যমাণ ফল বিক্রেতা হিসেবে ব্যবসা করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে নিহত মধুর ছেলে শামীমের মোবাইলের বকেয়া টাকা তুলতে এক ব্যক্তি সেখানে যান। এ সময় মধু পাওনাদারকে বকেয়া পরিশোধে কিছুটা সময় চান। বাকবিতণ্ডার একপর্যায়ে পাশে থাকা সবজি বিক্রেতা মামুন অপ্রয়োজনীয় হস্তক্ষেপ করেন, যা পরবর্তীতে দুজন ব্যবসায়ীর মধ্যে তর্কে ও হাতাহাতিতে রূপ নেয়। ঝগড়ার একপর্যায়ে কার্পাসডাঙ্গার বাঙালের ছেলে সবজি বিক্রেতা মামুন কদবেল ফুটো করার কাজে ব্যবহৃত একটি ধারালো লোহার রড বা ধাতু মধুর বুকে ঢুকিয়ে দেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় ব্যবসায়ীরা তাকে দ্রুত উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শামসুজ্জোহা জানান, ধারালো ধাতব বস্তুর আঘাতে নিহতের বুকের গুরুত্বপূর্ণ রগ কেটে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, রাস্তার পাশের তুচ্ছ ব্যবসায়িক কথাকাটাকাটিকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত হয়েছে। ঘটনার প্রকৃত সত্যতা বের করতে ও জড়িতকে গ্রেপ্তার করতে পুলিশ ইতিমধ্যেই কাজ শুরু করেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











