মাদুরোকে গ্রেপ্তারের আগে এআই চ্যাটবট ‘গ্রোক’-এর পরামর্শ নেন ট্রাম্প
ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের সামরিক পরিকল্পনা চূড়ান্ত করার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট ‘গ্রোক’-এর মতামত নিয়েছিলেন। বিখ্যাত সাময়িকী ‘টাইম’-এর একটি অনুসন্ধানী প্রতিবেদনের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন সামরিক অভিযানের ঠিক এক মাস আগে গত বছরের ডিসেম্বরে ট্রাম্প ইলন মাস্কের মালিকানাধীন এআই চ্যাটবট গ্রোকের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন। এ সময় ভেনেজুয়েলায় মার্কিন বাহিনী হামলা চালালে এবং মাদুরোকে আটক করা হলে স্থানীয় সাধারণ মানুষের প্রতিক্রিয়া কী হতে পারে—সে বিষয়ে বিভিন্ন প্রশ্ন করা হয়।
জবাবে চ্যাটবটটি জানায়, মাদুরোকে ক্ষমতাচ্যুত করা হলে ভেনেজুয়েলার জনগণ উল্লাস প্রকাশ করবে। তবে এই কৃত্রিম বুদ্ধিমত্তার উত্তর ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে সরাসরি প্রভাব ফেলেছিল কি না, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবুও রাষ্ট্রীয় বা সরকারি নীতি নির্ধারণী প্রক্রিয়ায় এআই প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
কারাকাসে অভিযান ও মাদুরো গ্রেপ্তার
পরবর্তী সময়ে চলতি বছরের জানুয়ারি মাসে কারাকাসে বিশেষ সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। এই অভিযানে নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে তাদের বিরুদ্ধে নার্কো-টেররিজম ও মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে।
আটকের পর ভেনেজুয়েলার একাংশে জনগণের উল্লাস দেখে গ্রোকের পূর্বাভাসের নির্ভুলতায় ট্রাম্প মুগ্ধ হয়েছিলেন বলে জানা গেছে। তবে মার্কিন প্রশাসনের এই বড় সিদ্ধান্তে এআই চ্যাটবটের পরামর্শ সরাসরি কতটা ভূমিকা রেখেছিল, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











