অক্টোবরে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, নামবে তাপমাত্রা

০২ অক্টোবর ২০২৬ - ১০:৫৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
অক্টোবরে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, নামবে তাপমাত্রা
ছবি: সংগৃহীত

চলতি অক্টোবর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে অন্তত একটি লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। একই সঙ্গে চলতি মাসের প্রথমার্ধেই বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় নিতে পারে।

​আবহাওয়া দপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, অক্টোবর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই সময়ে ৩ থেকে ৪ দিন বজ্রঝড় হতে পারে। মাসের উত্তরার্ধে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করলেও পুরো মাসজুড়েই গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।

​বৃষ্টিপাত ও সামুদ্রিক আবহাওয়া

১ থেকে ১০ অক্টোবরের মধ্যে দেশের অধিকাংশ অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে স্বল্পস্থায়ী বৃষ্টির প্রবণতা বেশি দেখা যাবে। বৃষ্টিহীন সময়ে সারাদেশে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। এ সময় বৃষ্টিপ্রবণ এলাকায় বজ্রপাতের আশঙ্কা থাকায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

​পরবর্তী সময়ে ১১ থেকে ২০ অক্টোবরের মধ্যে আবহাওয়া প্রধানত পরিষ্কার থাকতে পারে। তবে ১৫ থেকে ২০ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে ১৭ অক্টোবরের পর গভীর সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে। এছাড়া ১৯ ও ২০ অক্টোবরের দিকে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সামান্য বাড়তে পারে। নদনদীগুলোতে পানির প্রবাহ স্বাভাবিক থাকলেও ভারী বর্ষণ হলে উত্তরাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি সাময়িকভাবে দ্রুত বৃদ্ধি পেতে পারে।

​তেঁতুলিয়ায় আগাম শীতের বার্তা

এদিকে দেশের উত্তরাঞ্চলের সীমান্ত জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইতোমধ্যেই শীতের আমেজ শুরু হয়েছে। গত কয়েক দিন ধরে শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ এবং হিমেল বাতাস অনুভূত হচ্ছে।

​তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় জানান, আনুষ্ঠানিক শীত মৌসুম শুরু হওয়ার আগেই সেখানে কুয়াশা ও ঠান্ডার অনুভূতি দেখা দিয়েছে। আবহাওয়ার রেকর্ড অনুযায়ী, বৃহস্পতিবার সকালে সেখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, যা আগের দিন ছিল ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী দিনগুলোতে উত্তরাঞ্চলের তাপমাত্রা আরও নামতে পারে বলে জানান তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0