অভিনয়ে বাছবিচার ও মানের প্রাধান্য, ভিউয়ের দৌড়ে নেই মৌসুমী মৌ

০১ অক্টোবর ২০২৬ - ১০:৩৩
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
অভিনয়ে বাছবিচার ও মানের প্রাধান্য, ভিউয়ের দৌড়ে নেই মৌসুমী মৌ
ছবি: সংগৃহীত

শোবিজ অঙ্গনে সাবলীল উপস্থাপনা ও স্বাতন্ত্র্যমণ্ডিত কাজের মাধ্যমে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন মৌসুমী মৌ। করপোরেট অনুষ্ঠান, স্পোর্টস শো, কিংবা তারকাদের নিয়ে টকশো—সব মাধ্যমেই তার সরব উপস্থিতি লক্ষ করা যায়। বিজ্ঞাপনেও নিয়মিত কাজ করছেন তিনি। তবে উপস্থাপনায় ব্যস্ততা থাকলেও অভিনয়ের ক্ষেত্রে বরাবরই নিজস্ব মানদণ্ড বজায় রেখে চলেন এই শিল্পী। কেবল সংখ্যার বিচারে বা ভিউয়ের পেছনে না ছুটে গল্পের গভীরতা ও চরিত্রের গুরুত্বকে প্রাধান্য দেন তিনি। বিশেষ করে বিভিন্ন দিবসকেন্দ্রিক মানসম্মত নাটকেই তাকে বেশি দেখা যায়।

​সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কাজের ধরন নিয়ে কথা বলেন মৌসুমী মৌ। তিনি জানান, অভিনয়ের একাধিক প্রস্তাব পেলেও তিনি ঢালাওভাবে কাজ করতে চান না। ভিকি জাহেদের পরিচালনায় ‘চক্র-২’ কাজের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, ভালো কাজের অংশ হতে তিনি সর্বোচ্চ মনোযোগ দেন। গতানুগতিক বা কেবল ভিউ পাওয়ার উদ্দেশ্যে তৈরি নাটকে কাজের আগ্রহ তার নেই।

​বর্তমান নাট্যাঙ্গনে ভিউনির্ভর কাজের প্রভাব বাড়লেও সেখান থেকে দূরে থাকার ব্যাখ্যাও দিয়েছেন মৌ। তার মতে, উপস্থাপনার মাধ্যমে যে নিজস্ব ও রুচিশীল দর্শকশ্রেণি তিনি তৈরি করেছেন, সস্তা জনপ্রিয়তার পেছনে ছুটলে সেই আস্থার জায়গা ক্ষতিগ্রস্ত হতে পারে। ভক্তদের তৈরি হওয়া ভরসার স্থানটি তিনি কোনো অবস্থাতেই হারাতে চান না।

​অভিনয়ে বাছবিচার করলেও উপস্থাপনা নিয়ে সারা বছরই ব্যস্ত সময় পার করেন তিনি। শারীরিক সুস্থতা থাকলে মাসের প্রায় পুরো সময়ই কাজ করতে পছন্দ করেন। তবে সম্প্রতি পায়ের লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তাকে টানা ২১ দিন পুরোপুরি বিশ্রামে থাকতে হয়েছিল। সে সময় কেবল ‘স্টার নাইট’ ও ‘ক্যাফে লাইভ’-এর নিয়মিত কাজ ছাড়া অন্য কোনো শিডিউল তিনি নেননি। আঘাত সামলে উঠে আগামী অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সময়ের বড় বড় সব শোয়ের শিডিউল ইতোমধ্যে চূড়ান্ত করে ফেলেছেন তিনি।

​উপস্থাপনায় অহেতুক বা অনাকাঙ্ক্ষিত প্রশ্ন করে অতিথিকে বিব্রত করার সংস্কৃতি তিনি সমর্থন করেন না। ইতিবাচক আলোচনা ও শালীন পরিবেশ বজায় রেখেই দর্শকদের টানতে সক্ষম হয়েছেন বলে জানান এই উপস্থাপক।

​উপস্থাপনা ও অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণাতেও সক্রিয় ভূমিকা রাখছেন মৌ। সম্প্রতি একটি ডিটার্জেন্ট পাউডারের শুভেচ্ছাদূত হওয়ার পাশাপাশি ইস্পাহানি মির্জাপুর চায়ের সঙ্গে আরও দুই বছরের চুক্তি বাড়িয়েছেন তিনি। এই চুক্তির অংশ হিসেবে চ্যানেল আইতে প্রচারিত জনপ্রিয় রিয়ালিটি শো ‘ইস্পাহানি বাংলাবিদ’-এর উপস্থাপকের দায়িত্বে দেখা যাবে তাকে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0