বিশ্ব প্রবীণ দিবস আজ: সুরক্ষা ও পুনর্বিবেচনার বার্তা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

০১ অক্টোবর ২০২৬ - ১০:১৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বিশ্ব প্রবীণ দিবস আজ: সুরক্ষা ও পুনর্বিবেচনার বার্তা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

আজ ১ অক্টোবর বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। বিশ্বব্যাপী প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘দ্য এইজ অব লংজিবিটি: রিথিংকিং সিস্টেমস ফর লংগার লাইভস’।

​দিবসটি উপলক্ষ্যে পৃথক বাণী প্রদান করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে প্রবীণদের সুস্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও সম্মানজনক জীবনযাপনের জন্য বিদ্যমান ব্যবস্থা সময়োপযোগী করার আহ্বান জানান তারা।

​রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি ও জীবনযাত্রার মানোন্নয়নের ফলে মানুষের গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে, যা বিশ্বব্যাপী প্রবীণদের সংখ্যা বাড়িয়ে তুলছে। প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও সম্মানজনক হওয়া জরুরি উল্লেখ করে তিনি জানান, সংবিধানের ১৫(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী প্রবীণদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি উল্লেখ করেন, ২০২৬-২৭ অর্থবছরে বয়স্ক ভাতা খাতে বরাদ্দ বাড়িয়ে ৫ হাজার ২৩৯ কোটি টাকা করা হয়েছে, যাতে সুবিধাভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বৃদ্ধি পায়।

​অন্যদিকে প্রধানমন্ত্রী তার বাণীতে উল্লেখ করেন, প্রবীণদের ত্যাগ, অভিজ্ঞতা ও প্রজ্ঞার ওপর ভর করেই আজকের বাংলাদেশ দাঁড়িয়ে রয়েছে। প্রবীণ নাগরিকদের সুরক্ষায় সরকারের উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, বয়স্ক ভাতার সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান, প্রাথমিক স্বাস্থ্যসেবার প্রসার এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী শক্তিশালী করার কার্যক্রম চলমান রয়েছে।

​উল্লেখ্য, প্রবীণদের অধিকার রক্ষা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৯০ সালে জাতিসংঘের সাধারণ পর্ষদ ১ অক্টোবরকে আন্তর্জাতিক প্রবীণ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। এর ধারাবাহিকতায় ১৯৯১ সাল থেকে বিশ্বজুড়ে দিবসটি উদযাপিত হয়ে আসছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0