সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন 'সাইবার পুলিশ ইউনিট'-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

০১ অক্টোবর ২০২৬ - ২০:৪৬
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন 'সাইবার পুলিশ ইউনিট'-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
ছবি সংগৃহীত

দেশে আধুনিক প্রযুক্তিনির্ভর অপরাধ দমন ও সার্বিক ডিজিটাল নিরাপত্তা জোরদারে বাংলাদেশ পুলিশের অধীনে পৃথক ও বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে রাজধানীর পুলিশ সদর দপ্তরে নতুন এই ইউনিটের শুভ সূচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

​উদ্বোধন শেষে পুলিশ সদর দপ্তরের ‘হল অব প্রাইড’-এ আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-র এই যুগে অপরাধের ধরন ব্যাপকভাবে বদলে যাচ্ছে। সনাতনী পদ্ধতির বাইরে গিয়ে পুলিশকে আধুনিক প্রযুক্তি ও মেধানির্ভর সংস্থায় রূপান্তর করার লক্ষ্যেই এই স্বতন্ত্র ইউনিটের যাত্রা শুরু হলো।

​জেলা ও থানা পর্যায়ে কাঠামো ও জনবল

সাইবার পুলিশ ইউনিটের সাংগঠনিক রূপরেখা তুলে ধরে মন্ত্রী জানান, একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে এটি পরিচালিত হবে। প্রাথমিক অবস্থায় অতিরিক্ত আইজিপি মো. ইকবাল হোসেনকে এর দায়িত্ব দেওয়া হয়েছে।

​বিভাগীয় পর্যায়ে ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি এবং জেলা পর্যায়ে পুলিশ সুপার বা দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তারা তদারকির দায়িত্বে থাকবেন। এছাড়া থানাসমূহে ওসির নেতৃত্বে সাইবার সেবা ও তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য পৃথক সাব-ইনস্পেক্টর (এসআই), সহকারী সাব-ইনস্পেক্টর (এএসআই) ও কনস্টেবল পদায়ন থাকবে। ইউনিটের জন্য মোট অনুমোদিত জনবল ৪ হাজার ৫৯২ জন। বিদ্যমান ফোর্সের দক্ষ সদস্যদের পাশাপাশি নতুন নিয়োগের মাধ্যমে এই জনবল পূর্ণ করা হবে।

​চুক্তিভিত্তিক বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ

প্রথাগত পুলিশিং ব্যবস্থার বাইরে গিয়ে আন্তর্জাতিক মানের কারিগরি দক্ষতা নিশ্চিত করতে এই ইউনিটে চুক্তিভিত্তিক বিশেষজ্ঞ নিয়োগের বিশেষ বিধান রাখা হয়েছে। সাইবার সিকিউরিটি এক্সপার্ট, সিস্টেমে অ্যানালিস্ট, ডার্ক ওয়েব অ্যানালিস্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট, ফিন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট এবং সোশ্যাল মিডিয়া অ্যানালিস্টসহ বিভিন্ন পদে আকর্ষণীয় বেতন কাঠামোয় প্রযুক্তি বিশেষজ্ঞদের আনা হবে। একইসঙ্গে নিয়মিত বাহিনীর সদস্যদের দেশে-বিদেশে উচ্চতর প্রশিক্ষণ ও বিশেষ প্রণোদনা প্রদানের পরিকল্পনা রয়েছে।

​ডিজিটাল ফরেনসিক ল্যাব ও সমন্বিত তদারকি

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, আর্থিক অপরাধ, গুজব ও উগ্রবাদ দমনে আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ‘ডিজিটাল ফরেনসিক ল্যাবরেটরি’ স্থাপন করা হচ্ছে। আগে বিভিন্ন ইউনিটে অসংগঠিতভাবে চলা সাইবার তদন্তগুলো এখন থেকে একক সুসংগঠিত কাঠামোর আওতায় আসবে।

​সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0