বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে নেই রশিদ-ইব্রাহিম, আফগানদের তিন সংস্করণের দল ঘোষণা
বাংলাদেশের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্ট এবং পরবর্তী সিরিজের জন্য আলাদা আলাদা তিন সংস্করণের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দীর্ঘ এই ক্রিকেট সফরকে সামনে রেখে ঘোষিত লাল বলের দলে রাখা হয়নি দুই তারকা ক্রিকেটার রশিদ খান ও ইব্রাহিম জাদরানকে।
আগামী ৯ অক্টোবর বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টটি দিয়ে আফগানদের আনুষ্ঠানিক সিরিজ শুরু হবে। এরপর জিম্বাবুয়েকে সঙ্গী করে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ, তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং সবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে তারা। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব সামলাবেন রহমত শাহ। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন ইব্রাহিম জাদরান।
দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে কাজের চাপ কমাতে এসিবি রশিদ খান ও ইব্রাহিম জাদরানকে সবকটি টেস্টে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে। লাল বলের ক্রিকেটে ফিরেছেন পেসার ইয়ামিন আহমাদজাই ও ইসমত আলম। টি-টোয়েন্টি স্কোয়াডে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন অলরাউন্ডার আবদুল্লাহ তারাখিল ও মোহাম্মদ আকরাম। এছাড়া সংক্ষিপ্ত সংস্করণে ফিরেছেন ইজাজ আহমাদজাই ও শহীদউল্লাহ কামাল। তবে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী ও ব্যাটার দারউইশ রাসুলি।
আফগানিস্তানের ঘোষিত দলসমূহ:
টেস্ট স্কোয়াড: রহমত শাহ (অধিনায়ক), ইকরাম আলিখিল, আফসার জাজাই, সেদিকুল্লাহ অটল, আবদুল মালিক, হাশমতউল্লাহ শহীদী, রহমানউল্লাহ জাদরান, শহীদউল্লাহ কামাল, ইসমত আলম, কায়েস আহমাদ, জিয়া উর রহমান আকবর, খলিল গুরবাজ, মোহাম্মদ সেলিম সাফি, জিয়া উর রহমান শরিফি ও ইয়ামিন আহমাদজাই।
ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ স্কোয়াড: রহমত শাহ (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, সেদিকুল্লাহ অটল, ইব্রাহিম জাদরান, হাশমতউল্লাহ শহীদী, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গিয়ালাই খান, এএম গজনফর, বিলাল সামি, জিয়া উর রহমান শরিফি, ফজলহক ফারুকি ও ইয়ামিন আহমাদজাই।
টি-টোয়েন্টি স্কোয়াড: ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, নূর রহমান, সেদিকুল্লাহ অটল, মোহাম্মদ আকরাম, শহীদউল্লাহ কামাল, ইজাজ আহমাদজাই, আজমতউল্লাহ ওমরজাই, আবদুল্লাহ তারাখিল, রশিদ খান, নূর আহমাদ, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আবদুল্লাহ আহমাদজাই ও ফরিদ আহমাদ মালিক।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











