ম্যাকলমোরের ‘ফ্রি প্যালেস্টাইন’ ট্যুরের সব টিকিট মুহূর্তেই শেষ
ফিলিস্তিনের সমর্থনে অবস্থান নিয়ে সংগীতাঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেওয়া মার্কিন র্যাপার ম্যাকলমোরের নতুন কনসার্ট সিরিজের সব টিকিট মুহূর্তেই বিক্রি হয়ে গেছে। ‘ফ্রি প্যালেস্টাইন’ শিরোনামের এই ইউরোপীয় শোগুলো ঘিরে শ্রোতাদের মধ্যে অভূতপূর্ব সাড়া দেখা গেছে।
এর আগে বিভিন্ন অনুষ্ঠানে ফিলিস্তিনের পক্ষে সোচ্চার হওয়ায় তোপের মুখে পড়েন ম্যাকলমোর। এমনকি সেই অবস্থানের জের ধরে তাকে সংগীতশিল্পী এড শিরানের ‘লুপ ট্যুর’ থেকেও বাদ দেওয়া হয়েছিল। তবে সেই ঘটনাকে পেছনে ফেলে সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নতুন এই ইউরোপীয় কনসার্ট সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি।
ঘোষণা অনুযায়ী, ইউরোপের তিনটি প্রধান শহরের জনপ্রিয় অ্যারেনায় এই শো অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে আয়ারল্যান্ডের ডাবলিনের ৩অ্যারেনা (3Arena), ফ্রান্সের প্যারিসের একোর অ্যারেনা (Accor Arena) এবং যুক্তরাজ্যের লন্ডনের ওভিও অ্যারেনা ওয়েম্বলি (OVO Arena Wembley)। আগামী ২৬ অক্টোবর ডাবলিনে আয়োজনের মধ্য দিয়ে এই ট্যুর শুরু হবে। এরপর ২৯ অক্টোবর প্যারিসে এবং ৩০ অক্টোবর লন্ডনে পরবর্তী শো অনুষ্ঠিত হবে।
টিকিট বিক্রির কার্যক্রম শুরুর পরপরই ৩টি শোর সব টিকিট নিঃশেষ হয়ে যায়। দ্রুততম সময়ে এত বিপুল সাড়া পেয়ে বিস্ময় প্রকাশ করেছেন এই র্যাপার। তিনি জানান, ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানানো, মানবিক কাজে তহবিল গঠন করা এবং সম্মিলিত উদ্যোগকে উৎসাহিত করতেই এই ঝটপট আয়োজন করা হয়েছে।
ম্যাকলমোর আরও নিশ্চিত করেছেন, এই ট্যুর থেকে সংগৃহীত সমস্ত অর্থ ফিলিস্তিনে সহায়তার কাজে যুক্ত বিভিন্ন ত্রাণ সংস্থাকে প্রদান করা হবে। এছাড়া, প্রভাবশালী গোষ্ঠী যখন স্বাধীনতার কণ্ঠরোধের চেষ্টা করে, তখন শিল্প যে প্রতিরোধের শক্তিশালী মাধ্যম হতে পারে—সেটি তুলে ধরাই এর মূল লক্ষ্য। খুব শিগগিরই কনসার্টে অংশগ্রহণকারী অন্যান্য শিল্পীদের তালিকাও প্রকাশ করা হবে বলে জানান তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











