পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা: জোটসঙ্গীদের নিয়ে বৈঠকে বসছেন শাহবাজ শরিফ

০১ অক্টোবর ২০২৬ - ১৩:৫৭
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা: জোটসঙ্গীদের নিয়ে বৈঠকে বসছেন শাহবাজ শরিফ
ছবি সংগৃহীত

খাইবার পাখতুনখোয়ার নিরাপত্তা ও পিটিআইয়ের কর্মসূচি মোকাবিলায় কৌশল

পাকিস্তানে বিদ্যমান রাজনৈতিক অচলাবস্থা ও আইনশৃঙ্খলার অবনতি সামাল দিতে জোটের শরিকদের নিয়ে জরুরি আলোচনায় বসতে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বিশেষ করে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) শাসিত খাইবার পাখতুনখোয়া প্রদেশের বর্তমান পরিস্থিতি ও সার্বিক রাজনৈতিক চাপ মোকাবিলায় এই উদ্যোগ নেওয়া হচ্ছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

​গ গভর্নরের শাসন জারির গুঞ্জন ও পিপিপির ভূমিকা

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, শাহবাজ শরিফ শিগগিরই প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারির সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি বিরোধীদের প্রস্তাবিত একটি সর্বদলীয় বৈঠকেও পিপিপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সম্প্রতি খাইবার পাখতুনখোয়া অঞ্চলে সহিংসতা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে সেখানে প্রাদেশিক সরকার স্থগিত করে গভর্নরের শাসন জারির সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছে। এর আগে করাচিতে প্রেসিডেন্ট জারদারির সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি, যাকে চলতি রাজনীতির প্রেক্ষাপটে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

​সংবিধানের জরুরি বিধান ও বিরোধী শিবিরের হুঁশিয়ারি

টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিকবিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর থেকে দেশে ফেরার পর প্রধানমন্ত্রীকে সার্বিক আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি অবহিত করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, সংবিধানের বিধি অনুযায়ী জরুরি অবস্থা জারি বা গভর্নরের শাসন বাস্তবায়নের এখতিয়ার কেন্দ্রীয় সরকারের রয়েছে। তবে পিটিআই নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রাদেশিক সরকারের ওপর এমন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তার পরিণতি সরকারের জন্য কঠিন হবে।

​অচলাবস্থা কাটাতে সমঝোতার চেষ্টা

আগামী ৪ অক্টোবর রাজধানী ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের বড় ধরনের পদযাত্রা কর্মসূচি রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সংকট কাটাতে জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা মাহমুদ খান আচাকজাইয়ের সঙ্গেও বৈঠকে বসতে পারেন শাহবাজ শরিফ। যুক্তরাষ্ট্র যাওয়ার আগেই প্রধানমন্ত্রী তাঁকে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়ে রেখেছিলেন। অন্যদিকে, পেট্রোলিয়াম লেভি বৃদ্ধি ইস্যুতে অসন্তোষ প্রকাশ করা জামায়াতে ইসলামীর আমীর হাফিজ নাঈমুর রহমানের সঙ্গেও আলোচনার সম্ভাবনা রয়েছে। সমঝোতা না হলে অক্টোবরের প্রথম দিকেই নতুন করে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়ে রেখেছে দলটি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0