মহারাষ্ট্রে সাগরে ডুবে পুনের ৮ শিক্ষার্থীর করুণ মৃত্যু

০২ অক্টোবর ২০২৬ - ১৩:০৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মহারাষ্ট্রে সাগরে ডুবে পুনের ৮ শিক্ষার্থীর করুণ মৃত্যু
ছবি সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলার দিভেগার সমুদ্রসৈকতে ভেসে গিয়ে ১৬ বছর বয়সি আট শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই মহারাষ্ট্রের পুনের আলান্দি এলাকার একটি কোচিং সেন্টারের শিক্ষার্থী ছিলেন।

​পুলিশের বরাতে জানা গেছে, আলান্দির ‘উইনার্স একাডেমি’ নামের একটি বেসরকারি কোচিং সেন্টার থেকে ৪৮ সদস্যের একটি দল শিক্ষাসফরে দিভেগার সৈকতে যায়। এই বহরে ২৫ জন ছাত্র, ১৭ জন ছাত্রী এবং ৬ জন শিক্ষক অন্তর্ভুক্ত ছিলেন। প্রায় ১৭০ কিলোমিটার পথ ভ্রমণ শেষে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে দলটি সৈকতে পৌঁছায়। সেখানে পৌঁছানোর পর আট শিক্ষার্থী সাগরে নামলে সমুদ্রের পানির গভীরতা ও প্রবল স্রোতের তীব্রতা বুঝতে না পেরে পানির তোড়ে ভেসে যায়।

​দুর্ঘটনার সাথে সাথে স্থানীয় ওয়াটার স্পোর্টস ব্যবসায়ী ভাউ সালুনখে এবং তার সঙ্গীরা দ্রুত জীবন বাজি রেখে উদ্ধার অভিযান শুরু করেন। তাদের প্রচেষ্টায় সমুদ্র থেকে আট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

​ঘটনার খবর পেয়ে দিঘি সাগরি বোরলি পঞ্চায়তন থানার সহকারী পুলিশ পরিদর্শক (এপিআই) সন্তোষ আওয়াতি পুলিশ দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। স্থানীয়দের সহায়তায় উদ্ধারকৃত মরদেহগুলো বোরলি পঞ্চায়তন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। সেখানে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

​নিহত শিক্ষার্থীরা হলো— তানময় দত্তাত্রেয় ভাহিলে, সুমিত ভারত আহিরে, প্রণব রামদাস বনসোদে, কৈবল্য সতীশ ওয়াসানকার, রাজবীর যুবরাজ ভাহিলে, যশ কিরণ ওয়ানখেড়ে, সোহম তুকারাম ভান্ডওয়ালকার ও কৌশ্তুভ সন্দীপ দাউন্ড।

​এই দুর্ঘটনাকে গভীর হৃদয়বিদারক আখ্যা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় তিনি জানান, মরদেহগুলো স্বজনদের কাছে আলান্দিতে ফিরিয়ে আনার জন্য স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় সমন্বয় করছে। অন্যদিকে, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী গিরিশ মহাজন। একই সঙ্গে কোচিং সেন্টার কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়ার পাশাপাশি শিক্ষাসফরে শিক্ষার্থীদের সুরক্ষায় নতুন নিরাপত্তা নির্দেশিকা প্রণয়নের কথা জানিয়েছেন তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0