কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে মিথিলার নতুন যাত্রা
অভিনয়জগতের পাশাপাশি দীর্ঘদিন উন্নয়নকর্মী হিসেবে সুপরিচিত ব্যক্তিত্ব রাফিয়াত রশিদ মিথিলা পেশাগত জীবনে নতুন এক অধ্যায় সূচনা করেছেন। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকে দুই দশক কাজ করার পর তিনি যুক্তরাষ্ট্রের বিখ্যাত কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সহযোগী ‘গবেষণা বিজ্ঞানী’ (অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট) পদে যোগ দিয়েছেন। ১ অক্টোবর থেকে তার এই নতুন পথচলা শুরু হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত এক বার্তায় নিজ ক্যারিয়ারের এই বিশেষ অগ্রগতির কথা জানান মিথিলা।
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে কাজের পরিধি
ফেসবুক পোস্টে মিথিলা উল্লেখ করেন, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে তার অন্তর্ভূক্তি হয়েছে। সেখানে তিনি নিউ ইয়র্কে অবস্থিত ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের ডিজাইন ও মূল্যায়নের কার্যক্রমে নেতৃত্ব দেবেন।
প্রকল্পটির মূল কাজ সম্পর্কে তিনি জানান, এটি প্রারম্ভিক শৈশব বিকাশ, পারিবারিক সম্পৃক্ততা ও সামাজিক স্বাস্থ্য নিয়ে কাজ করে। নবজাতক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের পরিবারগুলোকে তাদের সার্বিক বৃদ্ধির উপযোগী পরিবেশ ও সুযোগ-সুবিধার সঙ্গে সংযুক্ত করাই এর প্রধান লক্ষ্য। নিজের আন্তর্জাতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা ও গবেষণার লক্ষ্যের মধ্যে সংযোগ ঘটাতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শিক্ষকতা পেশায় নতুন যুক্ততা
গবেষণার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে শিক্ষকতাও শুরু করেছেন মিথিলা। তিনি সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক-এ (সিইউএনওয়াই) ‘অ্যাডজাংন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ পদে যোগ দিয়েছেন। সেখানে ‘ননপ্রফিট ম্যানেজমেন্ট’ বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান করছেন, যেখানে অলাভজনক সংস্থাগুলোর বাস্তব কর্মপন্থার নানা দিক তুলে ধরা হচ্ছে।
দীর্ঘদিনের কর্মস্থল ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিথিলা লেখেন, আন্তর্জাতিক উন্নয়ন খাতে ১৫ বছরসহ সংস্থাটিতে ২০ বছর কাজের অভিজ্ঞতার জন্য তিনি চিরঋণী। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মতো বৈশ্বিক মানের গবেষণা অবকাঠামো ও গবেষকদের টিমের সঙ্গে কাজের সুযোগ তার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করেন এই অভিনেত্রী ও গবেষক।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











