যুক্তরাষ্ট্রে দক্ষিণ কোরিয়ার বিশাল বিনিয়োগ ঘোষণা ট্রাম্পের

০১ অক্টোবর ২০২৬ - ১৫:৩৮
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে দক্ষিণ কোরিয়ার বিশাল বিনিয়োগ ঘোষণা ট্রাম্পের
ছবি: সংগৃহীত

​যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও শক্তি খাতে দক্ষিণ কোরিয়া প্রায় ২০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এই মেগা বিনিয়োগ পরিকল্পনার তথ্য প্রকাশ করেন। তবে সিউল স্পষ্ট করেছে যে, এই প্রকল্পের একটি মূল অংশ—আলাস্কার ৫৪ বিলিয়ন ডলারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পাইপলাইন নির্মাণটি এখনো চূড়ান্ত হয়নি।

​গত বছর ওয়াশিংটন ও সিউলের স্বাক্ষরিত ৩৫০ বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির আলোকেই এই বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। চুক্তির আওতায় জাহাজ নির্মাণ খাতে ১৫০ বিলিয়ন ডলার এবং কৌশলগত বিনিয়োগের জন্য ২০০ বিলিয়ন ডলার নির্ধারিত রয়েছে।

​পারমাণবিক কেন্দ্র ও জ্বালানি প্রকল্প

ট্রাম্প জানান, দক্ষিণ কোরিয়ার চুক্তি অনুযায়ী এই অর্থায়নে যুক্তরাষ্ট্রে আটটি বৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, আলাস্কায় প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন এবং টেক্সাসে ৬ গিগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্র গড়ে তোলা হবে।

​পরিকল্পিত টেক্সাস প্রকল্পটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ডেটা সেন্টার ও সেমিকন্ডাক্টর কারখানায় বিদ্যুৎ সরবরাহে ব্যবহৃত হবে। সিউল ট্রাম্পের ঘোষণার অন্যান্য অংশ নিশ্চিত করে জানিয়েছে, টেক্সাসের গ্যাসভিত্তিক প্রকল্পে ২২.৩ বিলিয়ন ডলার এবং আটটি পারমাণবিক চুল্লি নির্মাণে ১২০ বিলিয়ন ডলার বিনিয়োগের কথা রয়েছে।

​আলাস্কা পাইপলাইন নিয়ে সিউলের অবস্থান

হোয়াইট হাউসের ঘোষণার পর কিছুটা সতর্ক বার্তা দিয়েছে দক্ষিণ কোরিয়ার সরকার। দেশটির শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, ৮০৭ মাইল দীর্ঘ আলাস্কা এলএনজি প্রকল্পের বাণিজ্যিক সম্ভাবনা ও আইনি বিষয়গুলো গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিউং সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, বিনিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে প্রকল্পের বাণিজ্যিক যৌক্তিকতা সুনিশ্চিত করা প্রয়োজন।

​বাস্তবায়িত হলে এটি নর্থ স্লোপ থেকে আলাস্কার দক্ষিণ উপকূলে গ্যাস পৌঁছানোর পথ সুগম করবে, যেখান থেকে প্রতিদিন ৩.৯ বিলিয়ন ঘনফুট গ্যাস পরিবহন করা সম্ভব।

​রাজনৈতিক প্রেক্ষাপট ও আন্তর্জাতিক সাড়া

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে মার্কিন ভোটারদের জ্বালানি তেলের দাম ও ইরান যুদ্ধ সংক্রান্ত উদ্বেগের মাঝে ট্রাম্প নিজের প্রশাসনের অর্থনৈতিক সাফল্য তুলে ধরছেন। আলাস্কার এই প্রকল্পের রাজনৈতিক গুরুত্বও অনেক, কারণ সেখানে রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

​প্রকল্পটির বিকাশকারী সংস্থা 'গ্লেনফার্ন' চুক্তি প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে জানায়, বছরে ১ কোটি ৩০ লাখ মেট্রিক টন গ্যাস কেনার চুক্তি ইতোমধ্যে নিশ্চিত হয়েছে, এবং চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও ৩০ লাখ মেট্রিক টনের নিশ্চয়তা প্রয়োজন। ইতোমধ্যে জাপানের দুটি শীর্ষ এলএনজি আমদানিকারক প্রতিষ্ঠান জেরা (JERA) ও টোকিও গ্যাস ২০ লাখ মেট্রিক টন গ্যাস কেনার বিষয়ে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0