বাংলামোটরে ব্যবসায়ীকে পিস্তলের বাঁট দিয়ে আঘাত ও ফাঁকা গুলি, যুবদলের বহিষ্কৃত নেতাসহ আটক ৪
বাংলামোটরে ব্যবসায়ীকে পিস্তলের বাঁট দিয়ে আঘাত ও ফাঁকা গুলি, যুবদলের বহিষ্কৃত নেতাসহ আটক ৪
রাজধানীর বাংলামোটর এলাকায় এক ওষুধ ব্যবসায়ীকে পিস্তলের বাঁট দিয়ে আঘাত ও ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এতে রক্তাক্ত হয়েছেন সোহান (৪৫) নামের ওই ব্যবসায়ী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাতিরঝিল থানা যুবদলের সাবেক আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা ফেরদৌস আহাম্মেদ সাইমনসহ তাঁর তিন সহযোগীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটের দিকে হাতিরঝিল থানাধীন বাংলামোটর মোড়ের উত্তর পাশের পাম্পের গলিতে এই হামলার ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় সোহানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে আতঙ্ক ও প্রতিবাদ
হাসপাতালে চিকিৎসাধীন সোহান জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের উত্তর পাশের গলিতে সায়মন ও তাঁর সঙ্গীরা তাঁর পথরোধ করেন। কথা কাটাকাটির একপর্যায়ে সায়মন পিস্তলের বাঁট দিয়ে সোহানের মাথায় আঘাত করেন, এতে তাঁর মাথা ফেটে রক্ত বের হতে থাকে। এরপর সায়মন দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক তৈরি করেন।
গুলির শব্দ ও স্থানীয়দের উপস্থিতির মুখে সায়মন ও তাঁর সহযোগীরা পাশের একটি ভবনে লুকিয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ এসে ওই ভবনের সামনে অবস্থান নেয়। ইতিমধ্যে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে স্থানীয়দের জড়ো হয়ে ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে দেখা গেছে।
আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ
ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে সায়মন ও তাঁর তিন সহযোগীকে আটক করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নেওয়া হয়েছে। আহত সোহান মামলা দায়ের করলে সেই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হবে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ঘটনার পর পুলিশি তৎপরতায় পরিস্থিতি বর্তমানে পুরোপুরি স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, নিউ ইস্কাটন এলাকার বাসিন্দা সোহান বাংলামোটরে দীর্ঘদিন ধরে একটি ফার্মেসি পরিচালনা করে আসছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











