জাতীয় ক্রিকেট দলের নতুন সহকারী কোচ দক্ষিণ আফ্রিকার মেকেতা
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ পদে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকান কোচ ম্যালিবংওয়ে মেকেতা। তাকে আগামী ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত চুক্তিতে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি বছরের অক্টোবর থেকে কার্যকর হতে যাওয়া এই চুক্তির অধীনে সংযুক্ত আরব আমিরাতে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে বয়সভিত্তিক ও তরুণ খেলোয়াড় গড়ে তোলার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে মেকেতার। বিসিবির সঙ্গে যুক্ত হওয়ার আগে তিনি দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল এবং দেশটির জাতীয় একাডেমির প্রধান কোচের দায়িত্বে ছিলেন। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের কোচিং প্যানেলেও কাজ করেছেন তিনি। তার অধীনে ২০২৩-২৪ মৌসুমে দক্ষিণ আফ্রিকা 'এমার্জিং' দল সিএসএ একদিনের কাপের দ্বিতীয় বিভাগে চ্যাম্পিয়ন হয়।
তরুণ দল নিয়ে ইতিবাচক প্রত্যাশা
বাংলাদেশ দলের নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেকেতা। তিনি জানান, বিসিবি তার প্রতি যে আস্থা রেখেছে সে জন্য তিনি কৃতজ্ঞ। জাতীয় দলের সাফল্য অর্জনে কার্যকর ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
দল নিয়ে নিজের মূল ভাবনার কথা জানিয়ে মেকেতা বলেন, বাংলাদেশ দলে একঝাঁক সম্ভাবনাময় ও তরুণ ক্রিকেটার রয়েছে। প্রধান কোচ ফিল সিমন্সসহ কোচিং স্টাফের অন্য সদস্যদের সাথে সমন্বয় করে খেলোয়াড়দের সেরা পারফরম্যান্স বের করে আনা এবং তাদের দক্ষতায় উন্নতি করাই তার প্রধান লক্ষ্য হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











