ব্যালন ডি’অর জয়ের দৌড়ে বয়সকে বড় বাধা মনে করছেন লামিন ইয়ামাল
বার্সেলোনা ও স্প্যানিশ ফুটবলের উঠতি তারকা লামিন ইয়ামাল মনে করেন, তাঁর কম বয়সই ব্যালন ডি’অর পাওয়ার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। ১৯ বছর বয়সী এই উইঙ্গারের ধারণা, বিশ্বমানের ফুটবল উপহার দেওয়া সত্ত্বেও ভোটিং প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের মানসিকতার কারণে তরুণ খেলোয়াড়দের আরও অপেক্ষা করতে হয়।
গার্জিয়ান স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারের বরাতে গোলডটকম এ তথ্য নিশ্চিত করেছে। সাক্ষাত্কারে নিজের পর্যবেক্ষণ তুলে ধরে ইয়ামাল জানান, ২০২৬ সালের ব্যালন ডি’অরের জোরালো দাবিদার হওয়া সত্ত্বেও ভোটারদের দৃষ্টিভঙ্গি নিয়ে তাঁর মনে সংশয় রয়েছে। তাঁর মতে, বয়স মাত্র ১৯ হওয়ায় অনেকেই ধরে নেন তিনি ভবিষ্যতে একাধিকবার এই পুরস্কার জেতার সুযোগ পাবেন। ফলে ভোটিংয়ের সময় কিলিয়ান এমবাপ্পে, রদ্রি, কাভারাৎসখেলিয়া, লিওনেল মেসি কিংবা হ্যারি কেইনের মতো প্রতিষ্ঠিত তারকাদের অগ্রাধিকার দেওয়া হতে পারে।
এমবাপ্পের উদাহরণ ও ধারাবাহিকতার তাগিদ
নিজের এই বক্তব্যের পক্ষে ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের ক্যারিয়ারের উদাহরণ টেনেছেন স্প্যানিশ তরুণ। ২০১৮ সালে ১৯ বছর বয়সে বিশ্বকাপ জিতে এমবাপ্পে ফুটবলে আলোড়ন সৃষ্টি করলেও দীর্ঘ সময় ধরে বিশ্বসেরা পর্যায়ে পারফর্ম করার পরও এখন পর্যন্ত ব্যালন ডি’অর পাননি।
ইয়ামালের ভাষ্য অনুযায়ী, এমবাপ্পে তরুণ থাকার সময়ও সবাই বলত তিনি একদিন ব্যালন ডি’অর জিতবেন; কিন্তু বাস্তবে এখনও তা ঘটেনি। তাই পুরস্কারের হিসাব-নিকাশ না কষে মাঠের পারফরম্যান্স ও ম্যাচ জয়ের দিকেই মনোযোগ ধরে রাখতে চান এই বার্সা তারকা।
নিজেকে শুধু উদীয়মান খেলোয়াড় হিসেবে দেখতে নারাজ ইয়ামাল দাবি করেন, গত বেশ কিছু দিন ধরেই তিনি ব্যালন ডি’অর জেতার মতো পারফর্ম করে আসছেন। মাঠের খেলায় তাঁর প্রভাব ও ব্যবধান গড়ে দেওয়ার ক্ষমতা ফুটবলবোদ্ধারা বুঝতে পারছেন বলেও তিনি উল্লেখ করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











