ভোররাতে দু-একটি গাড়িতে আগুন দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০ নভেম্বর ২০২৬ - ২৩:২৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ভোররাতে দু-একটি গাড়িতে আগুন দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি সংগৃহীত

রাতের আঁধারে কিংবা ভোরবেলায় কোথাও একটি-দুটি গাড়িতে আগুন ধরিয়ে দিলেই দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, বিচ্ছিন্ন বা প্রতীকী কিছু ঘটনাকে একত্রিত করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ভয়াবহ হিসেবে তুলে ধরা কোনোভাবেই যৌক্তিক নয়।

​মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের আইনশৃঙ্খলা সংক্রান্ত বক্তব্যের জবাবে তিনি এই মন্তব্য করেন। সংসদের ওই বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

​স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতের বেলায় কিংবা বিজনেস ফ্যাকাল্টির কোনো গাড়ির ছাদের ওপরে একটি ককটেল বিস্ফোরণ ঘটলেই বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে না। এছাড়া অন্য কোনো স্থানে রাতের আঁধারে বা ভোররাতে পরিত্যক্ত বাসে—যেখানে চালক বা হেলপার কেউ থাকে না—এমন জায়গায় একটি-দুটি গাড়িতে আগুন দেওয়া হলেও দেশের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল হয় না।

​তবে এর পাশাপাশি দেশের পরিস্থিতি ঘোলাটে করার জন্য পতিত ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে গভীর ষড়যন্ত্র চলছে বলেও সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি অভিযোগ করেন, দেশের ভেতরে আত্মগোপনে থাকা ফ্যাসিবাদের দোসররা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা চালাচ্ছে। এ ছাড়া সীমান্তের ওপার থেকে কোনো ইন্ধন রয়েছে কি না, সেখানে আশ্রয় নেওয়া ব্যক্তিরা কীভাবে রাজনৈতিক তৎপরতা চালাচ্ছেন এবং দেশের ভেতর কারা তাদের মদদ দিচ্ছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

​বিরোধীদলীয় নেতার একটি অভিযোগের বিষয়ে তিনি বলেন, গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে এক সংসদ সদস্যকে দল ছাড়ার পরামর্শ দেওয়ার বিষয়টি জানানো হয়েছে। সুনির্দিষ্ট ফোন নম্বর এবং বার্তাটি সম্পর্কে তথ্য দিলে সরকার দ্রুত তদন্ত করে দেখবে।

​দেশবাসীর উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী দৃঢ় আশ্বস্ত করে বলেন, দেশের ভেতর থেকে হোক, বাইরে থেকে কিংবা সম্মিলিতভাবে—কোনো ধরনের ষড়যন্ত্র বা নীল নকশা সফল হতে দেওয়া হবে না। এই বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট সকলে সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0