বিগ বস বাংলা থেকে বহিষ্কারের পর মুখ খুললেন নন্দিনী দত্ত
বিগ বস বাংলা’র ঘর থেকে রাজবীর দেকে মারধরের অভিযোগে নন্দিনী দত্তকে বের করে দেওয়া হয়েছিল। শনিবার রাতের ওই ঘটনার পর এবার নিজের অবস্থান স্পষ্ট করে মুখ খুললেন তিনি। নন্দিনীর দাবি, যেভাবে মারধরের কথা বলা হচ্ছে, তিনি সেভাবে কাউকে মারধর করেননি।
প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসার পর নিজের আচরণের জন্য রাজবীরের মা ও ভাইয়ের কাছে ফোনে ক্ষমা চেয়েছেন বলেও জানান নন্দিনী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আমার বাবা-মা, রাজবীর আর ওর পরিবার ছাড়া কারও কাছে ক্ষমা চাইতে বাধ্য নই।’
নিজের ক্ষোভ প্রকাশ করে নন্দিনী বলেন, অনুষ্ঠান চলাকালীন তাকে কেউ কখনো সতর্ক করেননি। ঘটনার দিন রাজবীর যদি তাকে হাত ধরে বলত যে এখানে ক্যামেরা আছে এবং এমনটা করা ঠিক নয়, তবে তিনি হয়তো নিজেকে সামলে নিতে পারতেন। পুরো ঘরটিকে নিজের বাড়ির মতো মনে করেছিলেন বলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছিল বলে জানান তিনি।
শো থেকে তাকে বের করে দেওয়ার যুক্তি নিয়ে প্রশ্ন তুলে নন্দিনী বলেন, গায়ে হাত তোলার অভিযোগে যদি তাকেই বের করা হয়, তবে এর আগে দুর্নিবার রাজবীরকে ধাক্কা দেওয়া সত্ত্বেও কেন পার পেয়ে গিয়েছিলেন? এছাড়া জীতুর ক্ষেত্রেও একই প্রশ্ন তোলেন তিনি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নন্দিনীর একটি ‘বাবাটা’ ভিডিও বেশ ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে জানতে চাইলে হেসে ফেলে নন্দিনী জানান, বিমানবন্দর থেকে বাড়িতে নামার পর থেকেই তার মা বিষয়টি নিয়ে তাকে বারবার খোঁচা দিচ্ছেন।
কেন তিনি এমন আচরণ করেছিলেন, তার ব্যাখ্যা দিয়ে নন্দিনী বলেন, বিগ বসের ঘরের ভেতরে সূচ-সুতো পাওয়া যায় না, তাই নিরাপত্তা পিন বা সেফটিপিন দিয়ে পোশাক ঠিক করতে হয়। সেদিন রাজবীরের পরা ব্লেজারে প্রচুর সেফটিপিন ছিল। তিনি জানতেন রাজবীর একা সেগুলো খুলতে পারে না এবং কারো সাহায্যও নিতে চায় না। সিক্রেট রুমে বসে রাজবীরকে সেফটিপিন খুলতে দেখে তিনি আচমকাই এগিয়ে গিয়ে ওই কাজটি করেছিলেন, যা পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











