রক্তের দাগ মানুষ ভুলে যায়নি: রিজভী
শেখ হাসিনার দেশে ফেরা এবং পাসপোর্ট নিয়ে চলমান আলোচনার প্রেক্ষাপটে ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো তার কর্মের জন্য অনুতপ্ত হননি এবং এত মানুষের প্রাণহানির পরও তার মধ্যে কোনো অনুশোচনার লেশমাত্র দেখা যায়নি।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে জিয়া পরিষদের আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা পুনরায় দেশে ফেরার চেষ্টা চালাচ্ছেন এবং এর জন্য পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনসহ বিদেশে বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির সমর্থন লাভের চেষ্টা করে যাচ্ছেন। তবে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে ও জানালার কাচ ভেদ করে শিশুদের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে—তাদের স্বজনেরা কি তাকে কোনো সংবর্ধনা দেবেন? তিনি প্রশ্ন রেখে বলেন, শহীদ আবু সাঈদের মা, মুগ্ধর বাবা কিংবা নিহত আহনাফের আত্মীয়স্বজনরা তাকে কীভাবে গ্রহণ করবেন?
শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আবু সাঈদ ও মুগ্ধসহ যেসব তরুণ, শিশু, রিকশাচালক ও শ্রমিক এই আন্দোলনে জীবন দিয়েছেন, তাদের রক্তের দাগ এখনো মুছে যায়নি। মাটি সেই রক্তের দাগ শুষে নেয়নি এবং দেশের মানুষও তা ভুলে যায়নি।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাসের সময়ের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, অতীতে মিথ্যা মামলায় খালেদা জিয়াকে আটকে রাখার সময় তৎকালীন আইনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাবি করতেন যে ‘আদালত ও আইন তার নিজস্ব গতিতে চলে’। তাহলে আজ শেখ হাসিনা কেন আইনি প্রক্রিয়ার মুখোমুখি না হয়ে বিদেশের কাছে ধরনা দিচ্ছেন? আদালত তো তার নিজস্ব গতিতেই চলা উচিত।
শেখ হাসিনার দেশে ফেরার আকাক্সক্ষা প্রসঙ্গে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর উদাহরণ টেনে তিনি বলেন, ইন্দিরা গান্ধীও একসময় জরুরি অবস্থা জারি করে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছিলেন। কিন্তু শেখ হাসিনার মধ্যে সেই অনুশোচনা বা ভুল স্বীকারের মানসিকতা নেই।
রিজভী আরও বলেন, শেখ হাসিনা হয়তো ভাবছেন পার্শ্ববর্তী কোনো দেশ তাকে বাংলাদেশে ফিরিয়ে আনলে ১৮ কোটি মানুষ তা নীরবে মেনে নেবে। কিন্তু এ দেশের জনগণ অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে বরাবরই সোচ্চার। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা দেশে ফিরে পুলিশ ও র্যাবকে ব্যবহার করে ফের ফ্যাসিবাদী শাসন কায়েম করার এবং নিজের রাজসিংহাসন পুনরুদ্ধারের দিবাভ্রমর দেখছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











