অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর ছবি ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে মানহানির মামলা দায়ের করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল হোসেনের আদালতে ফ্যাশন ডিজাইনার ও ভেলমেট-ইয়ুথ ম্যাগাজিনের সম্পাদক সানায়া আনাম ওয়াফিকা চৌধুরী বাদী হয়ে এ মামলা করেন।
বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এর আগে গত ২৮ অক্টোবর অভিনেত্রীর ঠিকানায় আইনি নোটিশ পাঠানো হয়েছিল। তবে নির্ধারিত সময়ে কোনো জবাব না দেওয়ায় এবং ফেসবুক থেকে বিতর্কিত ছবি অপসারণ না করায় আদালতে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি আরও জানান, আদালত বাদীর আরজি আমলে নিয়ে জবানবন্দি রেকর্ড করেছেন। একই সঙ্গে পুরো বিষয়টি তদন্ত করে আগামী ২১ জানুয়ারির মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।
মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, এর আগে তানজিন তিশার বিরুদ্ধে আদালতে দুটি পৃথক মামলা করেছিলেন বাদী, যা বর্তমানে বিচারাধীন। সেই ক্ষোভ ও প্রতিহিংসার বশবর্তী হয়ে গত ২৭ অক্টোবর তানজিন তিশা তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বাদীর আপত্তিকর ছবি ও নানা অসত্য তথ্য প্রচার করেন। এছাড়া গণমাধ্যমের কাছেও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগে বলা হয়।
মামলার অভিযোগে আরও দাবি করা হয়, গত বছরের ৭ নভেম্বর তানজিন তিশা ফেসবুক মেসেঞ্জার থেকে বাদীকে কল দিয়ে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। গত ২৭ অক্টোবর রাতে বিষয়টি নজরে আসার পর আইনজীবীর মাধ্যমে পরদিনই রেজিস্ট্রি ডাকযোগে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে দুই দিনের মধ্যে অনলাইন থেকে আপত্তিকর কনটেন্ট ও তথ্য সরিয়ে নিতে বলা হলেও তানজিন তিশা তা মানেননি বলে অভিযোগে জানানো হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











