ইসরায়েল সরকার গঠন: গাদি আইজেনকোটের সামনে তিন পথ ও বড় বাধা

০৯ নভেম্বর ২০২৬ - ১০:০৪
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ইসরায়েল সরকার গঠন: গাদি আইজেনকোটের সামনে তিন পথ ও বড় বাধা
ছবি সংগৃহীত

ইসরায়েলে নতুন সরকার গঠনের প্রথম সুযোগ পেয়েছেন বিরোধী নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। তিনি দ্রুত একটি বৃহত্তর জোট সরকার গঠনের ঘোষণা দিলেও, সদ্য সমাপ্ত নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তার ক্ষমতায় যাওয়ার পথ বেশ জটিল ও অনিশ্চিত হয়ে পড়েছে।

​গত ২৭ অক্টোবরের নির্বাচন শেষে গত শনিবার প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ গাদি আইজেনকোটকে সরকার গঠনের আহ্বান জানান। পরবর্তীতে রোববার প্রেসিডেন্টের বাসভবনে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই দায়িত্ব অর্পণ করা হয়। এই দায়িত্ব পালনের জন্য তিনি ২৮ দিন সময় পাবেন, যা প্রয়োজনে আরও ১৪ দিন বাড়ানো সম্ভব।

​দায়িত্ব পেয়ে আইজেনকোট বলেন, ইসরায়েল বর্তমানে এক ক্রান্তিকাল পার করছে। দেশটি এমন এক পরিস্থিতির দিকে এগোচ্ছে যেখান থেকে উত্তরণ কঠিন হতে পারে। এই সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি জরুরি সরকার গঠন অপরিহার্য।

​বিশ্লেষকদের মতে, সরকার গঠনে আইজেনকোটের সামনে মূলত তিনটি পথ খোলা রয়েছে—প্রথমত, আরব দলগুলোর সমর্থন নিয়ে সংখ্যালঘু সরকার গঠন; দ্বিতীয়ত, কট্টর ইহুদি ধর্মীয় দলগুলোর সঙ্গে জোটবদ্ধ হওয়া; এবং তৃতীয়ত, বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দলের সঙ্গে জাতীয় ঐক্য সরকার গঠন। তবে প্রতিটি পথেই রয়েছে বড় ধরনের রাজনৈতিক বাধা।

​আইজেনকোটের জোটে অংশ নিতে হলে সংশ্লিষ্ট দলগুলোকে ইসরায়েলকে একটি ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি, দেশের সব নাগরিকের জন্য সামরিক বা জাতীয় সেবা বাধ্যতামূলক করা এবং হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে তাদের সামরিক ও প্রশাসনিক ক্ষমতা ধ্বংসের অঙ্গীকার করতে হবে।

​ইসরায়েলের ১২০ আসনবিশিষ্ট পার্লামেন্টে বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি এককভাবে ২৭টি আসন পেলেও তার ধর্মীয় ও জাতীয়তাবাদী জোটের মোট আসন সংখ্যা ৫৩। সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার বা প্রয়োজনীয় আসন সংখ্যা হলো ৬১। অন্যদিকে, আইজেনকোটের ইয়াশার পার্টি পেয়েছে ২১ আসন এবং তার নেতৃত্বাধীন চারদলীয় জোটের মোট আসন ৪৮। এ ছাড়া আরব সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী দুটি দল পেয়েছে ১৯ আসন।

​বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহু সকল ইহুদিবাদী দলগুলোকে নিয়ে ঐক্য সরকার গঠনের আহ্বান জানালেও আরব দলগুলোর সমর্থনে সরকার গঠনের তীব্র বিরোধিতা করেছেন। উল্লেখ্য, ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় ২১ শতাংশই আরব।

​এদিকে বিরোধী নেতা আভিগদর লিবারম্যান নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার কিংবা আরব দলগুলোর সমর্থনের ওপর নির্ভরশীল সংখ্যালঘু সরকার—উভয়টিরই বিরোধিতা করেছেন। তবে কট্টর ইহুদি ধর্মীয় দলগুলো যদি সামরিক বাহিনীতে তাদের সদস্যদের সেবা নিশ্চিত করার আইন মেনে নেয়, তবে তাদের সঙ্গে কাজ করার ব্যাপারে তিনি নমনীয় মনোভাব দেখিয়েছেন।

​সংবিধান অনুযায়ী, গাদি আইজেনকোট নির্ধারিত সময়ের মধ্যে সরকার গঠনে ব্যর্থ হলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দ্বিতীয় দফায় এই সুযোগ পাবেন। আর তিনিও ব্যর্থ হলে ইসরায়েলে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0