চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: ডা. জাহিদ হোসেন
চতুর্থ শিল্পবিপ্লব এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গঠনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানিয়েছেন, এই লক্ষ্য অর্জনে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে।
রবিবার (৮ নভেম্বর) রাজধানী ঢাকার কাকরাইলে অবস্থিত আইডিইবি ভবনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
একটি আধুনিক ও উন্নত রাষ্ট্র গঠনে দলমত নির্বিশেষে সবার সম্মিলিত অংশগ্রহণের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, জাতীয় অগ্রযাত্রার মূল কেন্দ্রে থাকতে হবে বাংলাদেশ। জনগণের মাঝে কোনো ধরনের অনৈক্য বা বিভেদ তৈরি করতে না দিয়ে এবং কাউকে সেই সুযোগ না দিয়ে সবাইকে সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গড়ার কাজ করছে বর্তমান সরকার।
প্রকৌশল সমাজের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা উন্নীত করে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। পরবর্তীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করেন।
বর্তমান প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকার জন্য দক্ষ জনশক্তির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, প্রকৌশলীদের জন্য যুগোপযোগী ও মানসম্মত প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। শুধু রাজধানী ঢাকাকেন্দ্রিক না রেখে এই ধরনের কারিগরি প্রশিক্ষণ বিভাগীয় ও জেলা পর্যায়ে দ্রুত ছড়িয়ে দেওয়ার তাগিদ দেন তিনি।
তৃণমূল পর্যায় পর্যন্ত আধুনিক প্রশিক্ষণের সুযোগ বিস্তৃত করা গেলে সামগ্রিক জনগোষ্ঠী দক্ষ মানবসম্পদে রূপ নেবে এবং এর সুফল দেশবাসীর প্রতিটি পরিবার ভোগ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন মন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মো. কবীর হোসেন। এছাড়া স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতাসহ আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রকৌশল দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ডিপ্লোমা প্রকৌশলী ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











