সৌদি আরবকে লক্ষ্য করে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, ভূপাতিতের দাবি জোটের
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় অঞ্চলের পর এবার রাজধানী রিয়াদকে টার্গেট করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের দাবি, আকাশে থাকা অবস্থাতেই ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে প্রতিহত ও ভূপাতিত করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকালে প্রথমে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। এর কিছু সময় পর সৌদি কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, ওই অঞ্চলে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করা হয়েছে।
এই ঘটনার প্রায় দুই ঘণ্টা পর রাজধানী রিয়াদকে লক্ষ্য করে আরও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইয়েমেনি বিদ্রোহীরা। সৌদি আরবের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রিয়াদের দিকে ধেয়ে আসা এই ক্ষেপণাস্ত্র দুটিও আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে।
গত জুলাই মাস থেকে সৌদি আরব এবং হুথি বিদ্রোহীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা চলমান রয়েছে। সাম্প্রতিক সময়ে এই দুই পক্ষের মধ্যকার সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। এর আগে গত শনিবার ইয়েমেনের রাজধানী সানার একটি গ্রামে বিমান হামলা চালায় সৌদি বিমানবাহিনী। ওই হামলায় অন্তত ৩৩ জনের প্রাণহানির ঘটনা ঘটে। সানায় এই হামলার পরপরই মূলত সৌদি আরবকে লক্ষ্য করে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার এই ঘটনা ঘটাল হুথিরা।
উল্লেখ্য, গত জুলাইয়ের আগে দীর্ঘদিন সৌদি আরব ও হুথি বিদ্রোহীদের মধ্যে পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল। তবে ওই সময় ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি এবং সৌদি-সমর্থিত সরকারের মধ্যে নতুন করে লড়াই শুরু হয়, যা মধ্যপ্রাচ্যের সংঘাতে নতুন একটি ফ্রন্ট তৈরি করে। এরপর থেকেই সৌদি আরব নিয়মিতভাবে হুথিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে এবং এর জবাবে তেলসমৃদ্ধ সৌদি আরবের ওপর হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে হুথি গোষ্ঠী।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











