ইসরাইলে সরকার গঠনের আমন্ত্রণ পেলেন বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট
দখলদার ইসরাইলে নতুন জোট সরকার গঠনের প্রক্রিয়ায় বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকটকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। সাম্প্রতিক সাধারণ নির্বাচনে কোনো পক্ষই পার্লামেন্ট নেসেটে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর এ ঘোষণা দেওয়া হয়।
নতুন সরকার গঠনের জন্য সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট এখন নির্ধারিত ২৮ দিন সময় পাবেন। পরিস্থিতি সাপেক্ষে প্রয়োজনে এই সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আইজেনকট জানান, একটি জাতীয় জরুরি সরকার গঠনের উপযুক্ত সময় এটি এবং জনগণের বিশ্বাসের প্রতি সম্পূর্ণ সম্মান রেখে তিনি সর্বাত্মক চেষ্টা চালাবেন।
ইসরাইলের রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো দলই কখনো একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সেখানে মূলত জোট সরকারের মাধ্যমেই দেশ পরিচালিত হয়ে আসছে। এবারের নির্বাচনে ১২০ আসনের নেসেটে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং তাদের অতি-ডানপন্থি ও আল্ট্রা-অর্থোডক্স মিত্ররা পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে, গাদি আইজেনকটের মধ্যপন্থি দল এবং তাদের ব্লকের অপর শরিকরা মিলে অর্জন করেছে ৪৮টি আসন। এছাড়া দুই আরব জোট রেকর্ড ১৯টি আসনে জয়লাভ করে এবারের নির্বাচনে বড় ধরনের চমক সৃষ্টি করেছে।
ইসরাইলি আইন অনুযায়ী সবচেয়ে বেশি আসনপ্রাপ্ত দলের নেতাকেই সরকার গঠনের দায়িত্ব দিতে হবে—এমন কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই। মূলত যিনি জোট গঠনের ক্ষেত্রে অধিকতর অনুকূল পরিবেশ তৈরি করতে পারবেন, তাকেই বেছে নেওয়ার এখতিয়ার প্রেসিডেন্টের রয়েছে। নবনির্বাচিত নেসেট সদস্যদের মধ্যে গাদি আইজেনকট ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন পেয়েছেন, যেখানে নেতানিয়াহুর পক্ষে ৪৬ জন সমর্থন জানিয়েছেন। এর ফলে সরকার গঠন কিংবা রাজনৈতিক সমীকরণে নতুন নানা সমীকরণ সামনে এসেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











