টানা দ্বিতীয়বার এমএলএস গোল্ডেন বুট জিতে নতুন ইতিহাস গড়লেন মেসি

০৮ নভেম্বর ২০২৬ - ০৯:৪৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
টানা দ্বিতীয়বার এমএলএস গোল্ডেন বুট জিতে নতুন ইতিহাস গড়লেন মেসি
ছবি সংগৃহীত

লিওনেল মেসির অর্জনের ঝুলিতে যুক্ত হলো আরও একটি আকর্ষণীয় সাফল্য। মার্কিন পেশাদার ফুটবল লিগ মেজর লিগ সকারে (এমএলএস) ২০২৬ মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হয়ে মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন বুট’ জিতেছেন ইন্টার মায়ামি দলের ফরোয়ার্ড লিওনেল মেসি।

​পুরো টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ৩১ ম্যাচে মোট ২৬টি গোল করেছেন এই আর্জেন্টাইন মহাতারকা। গোল্ডেন বুটের এই লড়াইয়ে তার ঠিক পেছনে থেকে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন এফসি ডালাসের ক্রোয়েশীয় ফরোয়ার্ড পেতার মুসা, যিনি মেসির চেয়ে চার গোল কম করেছেন। এর আগে গত মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন মেসি।

​এই জয়ের মাধ্যমে এমএলএসের ৩০ বছরের ইতিহাসে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে একাধিকবার গোল্ডেন বুট জেতার বিরল রেকর্ড গড়লেন মেসি। শুধু তাই নয়, এমএলএসের ইতিহাসে তিনিই প্রথম ফুটবলার যিনি টানা দুই মৌসুমে এই শ্রেষ্ঠত্ব অর্জন করলেন।

​গোল করার পাশাপাশি অন্যান্য পরিসংখ্যানেও সবার চেয়ে অনন্য অবস্থানে ছিলেন মেসি। চলতি মৌসুমে প্রতি ম্যাচে তার গোল করার গড় ছিল শূন্য দশমিক ৮৪ এবং সব মিলিয়ে তার গোল অবদান ছিল ৪৩টি। এই মৌসুমে ছয়টি ম্যাচে একাধিক গোল করার কৃতিত্ব দেখিয়েছেন তিনি, যার মধ্যে পেনাল্টি থেকে এসেছে মাত্র একটি গোল। এছাড়া পেনাল্টি ছাড়া তার ২৫টি গোল একক এমএলএস মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ। গত মৌসুমে ২৮টি ওপেন-প্লে গোল করে রেকর্ড গড়েছিলেন তিনি। চলতি এমএলএস মৌসুমে সেরা খেলোয়াড়ের পুরস্কার বা ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ (এমভিপি) জেতার ক্ষেত্রেও সবচেয়ে বড় ফেভারিট হিসেবে রয়েছেন তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0