আজ উদযাপিত হচ্ছে শ্যামাপূজা ও শুভ দীপাবলি উৎসব
হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও শুভ দীপাবলি আজ রোববার উদযাপিত হচ্ছে। এটি কালীপূজা নামেও পরিচিত। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এ উৎসবের আয়োজন করা হয়। দুষ্টের দমন ও শিষ্টের লালনের মাধ্যমে ভক্তদের জীবনে কল্যাণের বার্তা নিয়ে দেবী শ্যামা বা কালী মর্তে আগমন করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, শ্যামা দেবী শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক।
আজ দেশের বিভিন্ন অঞ্চলে হিন্দু সম্প্রদায় উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি পালন করছে। রাতের বেলা মণ্ডপে মণ্ডপে শ্যামা দেবীর পূজা অনুষ্ঠিত হবে। এছাড়া প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সংগীত পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণিল আলোকসজ্জার কর্মসূচি রাখা হয়েছে। পাশাপাশি সন্ধ্যায় মন্দির, মণ্ডপ ও বাসাবাড়িতে দীপাবলির প্রদীপ প্রজ্বালন করা হবে।
রাজধানী ঢাকায় কেন্দ্রীয় শ্যামাপূজা অনুষ্ঠিত হবে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে। মহানগর সার্বজনীন পূজা কমিটির আয়োজনে সন্ধ্যা ৬টায় সহস্র প্রদীপ প্রজ্বালন এবং শ্যামাসংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুভ দীপাবলি উৎসবের সূচনা করা হবে। এই উৎসবের উদ্বোধন করবেন ঢাকার রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন মন্দিরের অধ্যক্ষ ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ। রাতে নিয়মমাফিক শ্যামাপূজা সম্পন্ন হবে।
অন্যদিকে, গোপীবাগের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন মন্দিরে রাত সাড়ে ৯টায় শ্যামাপূজা, অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ এবং দীপাবলি উৎসবের নানা কর্মসূচি পালিত হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











