অর্থনীতি গণতান্ত্রিক না হলে রাজনীতির গণতন্ত্র কাজ করে না: অর্থমন্ত্রী

০৮ নভেম্বর ২০২৬ - ১৪:১৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
অর্থনীতি গণতান্ত্রিক না হলে রাজনীতির গণতন্ত্র কাজ করে না: অর্থমন্ত্রী
ছবি সংগৃহীত

বিগত সরকারের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা মানে শুধুই সময়ের অপচয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, তিনি আগের সরকারের বিগত দিনের আলোচনায় সময় নষ্ট করতে চান না।

​রবিবার (০৮ নভেম্বর, ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি গণতান্ত্রিক না হলে কাঙ্ক্ষিত উন্নতি অর্জন করা সম্ভব হয় না। অর্থনীতিকে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে আনতে পারলে তবেই রাজনীতির গণতন্ত্র সার্থক হতে পারে, অন্যথায় রাজনৈতিক গণতন্ত্র কোনো দিনই কার্যকর হয় না।

​সঠিক তথ্যের অনুপস্থিতিতে স্বচ্ছতা আনা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, সরকার তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করার পূর্ণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এ লক্ষ্যেই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) পূর্ণাঙ্গ স্বাধীনতা প্রদান করা হয়েছে। কোনো সরকার দেশের তথ্য বা পরিসংখ্যান নিয়ে প্রতারণা করলে তা প্রকারান্তরে নিজের সঙ্গে নিজে প্রতারণার শামিল বলেও মন্তব্য করেন তিনি।

​অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, বর্তমান সরকার কোনোভাবেই তথ্য বিকৃত করতে চায় না। পরিসংখ্যান তৈরিতে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। সাধারণ মানুষ ও গবেষকরা যেন সবসময় নির্ভরযোগ্য ও সঠিক তথ্য পেতে পারেন, সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।

​এ ছাড়া অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর তার বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে অযোগ্য ও সুবিধাভোগী ব্যক্তিরা নানা সুযোগ-সুবিধা পেলেও প্রকৃত যোগ্য ব্যক্তিরা সবসময় বঞ্চিত ছিলেন। এর ফলে দেশের সীমিত সম্পদের একটি বড় অংশ অপচয় হয়েছে। নির্ভরযোগ্য, আন্তর্জাতিক মানসম্পন্ন এবং সবার জন্য সহজলভ্য পরিসংখ্যান নিশ্চিত করতে সরকার বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম জোরেশোরে এগিয়ে নিচ্ছে বলেও জানান তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0