আলমডাঙ্গায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন,অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ব্রাইট মডেল স্কুলের এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানি করার অভিযোগে অভিযুক্ত সহকারী শিক্ষক জাহিদুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ঘটনার প্রতিবাদে ও শিক্ষক জাহিদুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় সচেতন মহল এবং অভিভাবকদের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে আলমডাঙ্গা আলিফ উদ্দিন রোড মোড়ে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণिपেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক জেসমিন আরা খাতুন প্রভা, ব্যায়ামাগারের সভাপতি ইকবাল হোসেন মিয়া, সমাজকর্মী শরিফুল ইসলাম পিন্টু, কামরুল হাসান কাজল, তাইফু, রাকিবুল ইসলাম, সাদ্দাম খান, সোহাগ আলী, রাশেদুল ইসলাম, খন্দকার আব্দুল কাদের, মমিন উদ্দিন, মুসাব ও মুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমাবেশটি পরিচালনা করেন সমাজকর্মী আব্দুর রশিদ মঞ্জু।
সমাবেশ থেকে প্রশাসনের নিকট তিন দফা দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো—অভিযুক্ত শিক্ষক জাহিদুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগের সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত করা, ঘটনার পৃষ্ঠপোষকতায় জড়িত থাকার অভিযোগে স্কুল কর্তৃপক্ষের দায় নিরূপণ করে আইনি ব্যবস্থা নেওয়া এবং প্রতিষ্ঠানের পরিচালক জাকারিয়া হিরোর বিরুদ্ধে অনিয়ম ও অপকর্মের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয়ের স্থান হওয়া উচিত। সেখানে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তাঁরা ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষক জাহিদুল ইসলাম ও পরিচালক জাকারিয়া হিরোকে আইনের আওতায় আনার আল্টিমেটাম দেন এবং অন্যথায় আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, শিক্ষার্থীর মা থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরপরই অভিযুক্ত শিক্ষক জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাঁকে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়। এই ন্যক্কারজনক ঘটনায় এলাকায় অভিভাবক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











