সোমবার থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাচ্ছে। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত এই অধিবেশন চলবে। সরকারি ছুটির দিন শুক্রবার ও শনিবার ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক অনুষ্ঠিত হবে। রোববার জাতীয় সংসদ ভবনের কেবিনট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংসদ নেতা তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরা। সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী দুই অধিবেশনের মাঝে ৬০ দিনের বেশি বিরতি থাকার সুযোগ নেই। সে হিসেবে তৃতীয় অধিবেশন শেষের ৬০ দিন পূর্ণ হওয়ার দিনে এই সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষার্থে চতুর্থ অধিবেশন আহ্বান করা হয়েছে। চলতি অধিবেশনটি মোট ৭ কার্যদিবস চলবে।
বৈঠকে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সোমবার রাতেই জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশ্যে রওনা দেবেন এবং আগামী ১৩ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। এছাড়া চতুর্থ অধিবেশনে উপস্থাপনের জন্য ইতোমধ্যে একটি সরকারি বিল পাওয়া গেছে। সম্প্রতি জারি হওয়া তিনটি অধ্যাদেশ—পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬ অধিবেশনের প্রথম দিনেই উপস্থাপন করা হবে।
চিফ হুইপ নূরুল ইসলাম মনি সাংবাদিকদের জানিয়েছেন, অধিবেশন চলাকালীন সময়ে আরও কিছু বিল উত্থাপিত হতে পারে। ইতোমধ্যে বিল ও অধ্যাদেশগুলো সংসদ সদস্যদের মাঝে বিতরণ করা হয়েছে। তবে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন বিলটি এই অধিবেশনে উঠবে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।
এবারের অধিবেশনে মন্ত্রীদের জন্য মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন জমা পড়েছে; যার মধ্যে প্রধানমন্ত্রীর জন্য ১৭১টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন রয়েছে। এছাড়া বিধি-৭১ এর আওতায় মনোযোগ আকর্ষণের ৯২টি এবং বিধি-১৩১ এর অধীনে সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিশ পাওয়া গেছে। বিরোধী দল ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে সাম্প্রতিক শ্রমিক আন্দোলন, এলপিজির মূল্যবৃদ্ধি এবং জুলাই সনদ বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই অধিবেশনে উত্থাপন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ চত্বরকে পুরোপুরি ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা উপস্থিত সবাই সমর্থন করেন। বৈঠকে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে সাউন্ড সিস্টেমের আধুনিকায়ন ও উদ্বোধনের বিষয়েও আলোচনা হয়। এছাড়া সংসদ ভবনে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের মাধ্যমে ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের তথ্য জানানো হয়। অধিবেশন চলাকালে বিদ্যুতের চাহিদা প্রায় ৬ মেগাওয়াট হওয়ায় উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার পাশাপাশি বিদ্যুৎ সংরক্ষণাগার তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী।
বৈঠকে কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অংশ নেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











