দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ২৩৩৩
মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৩৩৩ জন রোগী।
রোববার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬১ জনে। এর মধ্যে শুধু নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই ৩৮ জনের প্রাণহানি ঘটেছে। এর আগে অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং বছরের প্রথম দুই মাস জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের নিয়ে চলতি বছর দেশে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মোট সংখ্যা দাঁড়াল এক লাখ ৪৯ হাজার ৯১৩ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এক লাখ ৪৩ হাজার ৩৮৯ জন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যার সংখ্যা এক লাখ ১২৪ জন। এ ছাড়া খুলনা বিভাগে ৩৩২ জন, চট্টগ্রামে ২৭২ জন, বরিশালে ২৩১ জন, রাজশাহীতে ২১৩ জন, ময়মনসিংহে ৭৪ জন, রংপুরে ৭৫ জন এবং সিলেট বিভাগে ১৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











