সব শিক্ষাপ্রতিষ্ঠানে আর্ট এক্সিবিশন আয়োজনের অনুমতি দিল মাউশি
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আর্ট এক্সিবিশন বা চিত্রপ্রদর্শনী আয়োজনের অনুমতি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে ‘আর্ট বাংলাদেশ’-এর ব্যানারে এ কার্যক্রম পরিচালিত হবে।
রবিবার (৮ নভেম্বর) মাউশির উপপরিচালক (শারীরিক শিক্ষা) অধ্যাপক মো. শহিদুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই অনুমতির কথা জানানো হয়। ট্যালেন্ট স্পোর্টস লিমিটেডের উদ্যোগে এবং ‘আর্ট বাংলাদেশ’-এর ব্যবস্থাপনায় এই কার্যক্রম বাস্তবায়িত হবে। একই সঙ্গে অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মাউশি জানিয়েছে, শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক চর্চার পরিধি বাড়ানো এবং তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে চিত্রাঙ্কন ও আর্ট এক্সিবিশনের মতো সহশিক্ষা কার্যক্রমগুলো অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করবে।
তবে এই কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে একটি বিশেষ শর্ত জুড়ে দিয়েছে অধিদপ্তর। নির্দেশনা অনুযায়ী, আয়োজিত কার্যক্রমের জেলাভিত্তিক অগ্রগতি প্রতিবেদন প্রতি তিন মাস পরপর ‘আর্ট বাংলাদেশ’-এর পরিচালককে মাউশির শারীরিক শিক্ষা বিভাগে বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে।
এছাড়াও চিঠির সঙ্গে আর্টপেপারের চাহিদাপত্র ও সংশ্লিষ্ট কার্যক্রমের বিস্তারিত নিয়মাবলী সংযুক্ত করা হয়েছে। কার্যক্রমটি সফলভাবে বাস্তবায়নের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক, উপপরিচালক (মাধ্যমিক) এবং সব জেলার শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











