সমবায় আন্দোলন সফল করতে সংগঠনগুলোকে দুর্নীতিমুক্ত করার আহ্বান রাষ্ট্রপতির

০৮ নভেম্বর ২০২৬ - ১৫:৩৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সমবায় আন্দোলন সফল করতে সংগঠনগুলোকে দুর্নীতিমুক্ত করার আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

সমবায় খাতের স্থবিরতা দূর করতে এবং আন্দোলনকে গতিশীল করতে সমবায় সমিতিগুলোকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি সমিতিগুলোর সক্ষমতা বৃদ্ধি, উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে কার্যকর পদক্ষেপ এবং বিদ্যমান আইন যুগোপযোগী করার ওপর জোর দেন।

​রবিবার (৮ নভেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​রাষ্ট্রপতি বলেন, দুর্নীতির কারণে অধিকাংশ সমবায় সমিতি বর্তমানে দুর্বল হয়ে পড়েছে এবং হাতে গোনা কয়েকটি মাত্র সফলভাবে টিকে আছে। সমবায়ের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি ১৯০৪ সাল থেকে শুরু হওয়া এই আন্দোলনের দীর্ঘ পথপরিক্রমা এবং পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, জিয়াউর রহমান ড. আখতার হামিদ খানকে সম্পৃক্ত করে সমবায় আন্দোলনকে এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছিলেন।

​এনজিওগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে সমবায় প্রতিষ্ঠানগুলোকে সক্ষম করে তোলার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, যথাযথ বাজারজাতকরণের অভাবে সমবায় পণ্যগুলো পিছিয়ে পড়ছে। এই ঘাটতি দূর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সমবায় অধিদপ্তরকে এগিয়ে আসার পরামর্শ দেন তিনি। এছাড়া, দেশের স্বার্থে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

​অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিব, সচিব ড. রফিকুল ই মোহামেদ, বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি মো. আবদুস সালাম এবং সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক সেলিম ফকির। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘করবো সমবায়, গড়বো দেশ। সবার জন্য বাংলাদেশ’। অনুষ্ঠান শেষে সফল সমবায়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0