রামায়ণের উপেক্ষিত রানি মন্দোদরী: নীতিবোধ ও দূরদর্শিতার অনন্য প্রতীক

০৮ নভেম্বর ২০২৬ - ১৫:৩১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
রামায়ণের উপেক্ষিত রানি মন্দোদরী: নীতিবোধ ও দূরদর্শিতার অনন্য প্রতীক
ছবি সংগৃহীত

মহাকাব্য রামায়ণে লঙ্কার রাজা রাবণকে সাধারণত একজন শক্তিধর ও উদ্ধত শাসক হিসেবে ফুটিয়ে তোলা হলেও, তার সহধর্মিণী মন্দোদরী ছিলেন এর সম্পূর্ণ বিপরীত। নীতিপরায়ণতা, বিচক্ষণতা ও দূরদর্শিতার কারণে তিনি বারবার রাবণকে ভুল পথ থেকে দূরে থাকার তাগিদ দিয়েছিলেন। বিশেষ করে, সীতাকে অপহরণের পর তাকে সসম্মানে ফেরত দিয়ে ধ্বংসাত্মক যুদ্ধ এড়ানোর অনুরোধ করেছিলেন তিনি। কিন্তু রাবণ সেই সুপরামর্শ কানে না তোলায় লঙ্কার অপরাজিত সাম্রাজ্যের পতন অনিবার্য হয়ে ওঠে।

​পৌরাণিক বিবরণ অনুযায়ী, মন্দোদরী ছিলেন অসুরদের বিখ্যাত স্থপতি ময়াসুর ও অপ্সরা হেমার কন্যা। রাজকীয় পরিবেশে বেড়ে ওঠার পর রাবণের সঙ্গে তার পরিণয় ঘটে। তাদের ঘরে জন্ম নেয় বীর যোদ্ধা মেঘনাদ, যিনি পরবর্তীতে ইন্দ্রজিৎ নামেও খ্যাতি লাভ করেন। শুধু ধ্রুপদী কাহিনীতেই নয়, আধুনিক কথাসাহিত্যেও মন্দোদরীর চরিত্রটি নতুন মাত্রায় বিশ্লেষিত হয়েছে। আনন্দ নীলকান্তনের উপন্যাস ‘অসুর’-এর মতো সৃষ্টিগুলোতে রাবণের দৃষ্টিতে রামায়ণকে ফুটিয়ে তোলার পাশাপাশি মন্দোদরীর মানসিক সংগ্রাম ও প্রজ্ঞার দিকগুলো জোরালোভাবে উঠে এসেছে।

​এদিকে সেলুলয়েডের পর্দায় এই ঐতিহাসিক ও পৌরাণিক চরিত্রটিকে জীবন্ত করে তুলতে প্রস্তুত দক্ষিণি তারকা কাজল আগরওয়াল। নিতেশ তিওয়ারির নির্দেশনায় নির্মিত বহুল আলোচিত ‘রামায়ণ’ সিনেমার প্রথম পর্ব গত ৫ নভেম্বর মুক্তি পেয়েছে। এই ছবিটিতে রণবীর কাপুর, সাই পল্লবী ও যশের মতো তারকারা অভিনয় করছেন। মন্দোদরী চরিত্রে কাজলের অন্তর্ভুক্তি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হলেও চরিত্রটি ফুটিয়ে তুলতে তিনি গভীর পড়াশোনা ও প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে। বীরত্ব ও যুদ্ধের আড়ালে মন্দোদরীর শান্ত প্রজ্ঞা এবং সঠিক সময়ে সত্যের পক্ষে দাঁড়ানোর সাহসিকতাই তাকে মহাকাব্যের এক অনন্য ব্যক্তিত্বে পরিণত করেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0