মালয়েশিয়ায় বিনা খরচে চাকরি: লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ বাংলাদেশি নির্বাচিত
বিনা খরচে বা শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ার সুনামধন্য প্রতিষ্ঠান ‘ডিএইচএল সাপ্লাই চেইন’-এ চাকরির সুবর্ণ সুযোগ পাচ্ছেন ১১২ জন বাংলাদেশি কর্মী। এই নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছে।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর বিকেল চারটা পর্যন্ত অনলাইনে এই পদের জন্য আবেদন গ্রহণ করা হয়। এরপর রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় প্রবাসীকল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে ইলেকট্রনিক পদ্ধতিতে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ উপায়ে লটারি কার্যক্রম সম্পন্ন হয়।
লটারির এই অনুষ্ঠানে মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বা বোয়েসেলের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। নির্দিষ্ট সময়ের মধ্যে মোট ৪,০২৯ জন চাকরিপ্রার্থী অনলাইনে আবেদন করেন। এর মধ্য থেকে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জনসহ মোট ৩০০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়।
প্রাথমিকভাবে নির্বাচিত এই ৩০০ প্রার্থীর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সরাসরি মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। তাদের মধ্য থেকে চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জনকে মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য পাঠানো হবে। খুব শিগগিরই বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের বিস্তারিত তালিকা প্রকাশ করা হবে।
অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক জানান, আগামী পাঁচ বছরে এক কোটি কর্মী বিদেশে পাঠানোর যে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার রয়েছে, তা বাস্তবায়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অন্যদিকে, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রথমবারের মতো লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী বাছাইয়ের এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই নির্বাচিত এসব কর্মীর মালয়েশিয়ার উদ্দেশে ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া বোয়েসেল এর মধ্যেই পর্যটন, উৎপাদন ও কেয়ারগিভিং খাতে মালয়েশিয়ায় আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র হাতে পেয়েছে। নির্বাচিত এসব কর্মীর মেডিকেল পরীক্ষা ও বিমানভাড়াসহ যাবতীয় খরচ সংশ্লিষ্ট নিয়োগকর্তা নিজেই বহন করবেন, যার ফলে তারাও সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











