গাছের ডালে উঠে ভক্তের কাণ্ড, কনসার্ট থামিয়ে জেমসের কঠোর বার্তা
কনসার্টের আনন্দঘন মুহূর্তে অতিউৎসাহী এক ভক্তের কাণ্ড দেখে গান থামিয়ে দিলেন বাংলা রক ঘরানার জনপ্রিয় শিল্পী ফারুক মাহফুজ আনাম জেমস। নিরাপত্তার স্বার্থে এবং শৃঙ্খলার গুরুত্ব বোঝাতে মঞ্চ থেকে দর্শকদের উদ্দেশে দেন কড়া বার্তা।
গত শনিবার (৭ নভেম্বর) ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘কনসার্ট ফর সলিডারিটি’ শীর্ষক মেগা কনসার্টের আয়োজন করা হয়। সাধারণ শ্রোতাদের জন্য সম্পূর্ণ উন্মুক্ত এই অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সংগীতপ্রেমীরা অংশ নেন।
অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় সাতটি ব্যান্ড—নগরবাউল, ওয়ারফেজ, মাইলস, শিরোনামহীন, আর্টসেল, মেকানিক্স ও ফিডব্যাক তাদের পরিবেশনা উপস্থাপন করে।
নগরবাউলের পরিবেশনা চলাকালীন মঞ্চের কাছাকাছি একটি গাছের ডালে এক যুবককে উঠে পড়তে দেখেন জেমস। দৃশ্যটি চোখে পড়ার সঙ্গে সঙ্গেই গান থামিয়ে দেন এই তারকা শিল্পী। এ সময় উপস্থিত শ্রোতাদের উদ্দেশে তিনি বলেন, এভাবে গান শুনতে এসে কেউ যদি কোনো ধরনের জঘন্য আচরণ বা বিশৃঙ্খলা করেন, তবে তিনি আর গান পরিবেশন করবেন না। গান সবসময় আনন্দের জন্য উল্লেখ করে তিনি সবাইকে আনন্দ উপভোগ করার পাশাপাশি পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
আয়োজক সূত্রে জানা গেছে, এদিন বিকেল ৩টায় কনসার্টের প্রবেশদ্বার উন্মুক্ত করা হয় এবং বিকেল ৪টা থেকে নির্ধারিত মূল পরিবেশনা শুরু হয়। বিনা মূল্যে দেশের জনপ্রিয় ব্যান্ডগুলোর গান সরাসরি উপভোগ করার সুযোগ পাওয়ায় রাজধানীজুড়ে তরুণ ও সংগীতপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছিল।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











