জলবায়ু সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

০৯ নভেম্বর ২০২৬ - ১২:১৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
জলবায়ু সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি সংগৃহীত

৩১তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)-এ অংশ নিতে তিন দিনের সফরে আগামীকাল ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

​পররাষ্ট্র সচিব জানান, সফর শেষে আগামী ১২ নভেম্বর জলবায়ু সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। তার ভাষণে জলবায়ু ন্যায়বিচার, উন্নত রাষ্ট্রগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অগ্রাধিকার পাবে।

​সচিব আরও উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের ফলে নারীদের বিশেষ ঝুঁকি ও কৃত্রিম পাটজাত পণ্যের ব্যবহার নিয়ে সম্মেলনে কথা বলবেন প্রধানমন্ত্রী। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের ভূমিকা নগণ্য হলেও দেশটি এর মারাত্মক পরিণতির শিকার হচ্ছে। এ প্রেক্ষাপটে উন্নত দেশগুলোর পক্ষ থেকে জলবায়ু অর্থায়নে বাংলাদেশের নায্য অধিকার নিশ্চিত করার জোরালো দাবি জানানো হবে।

​আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে বাংলাদেশ নিজেদের অবস্থান জোরালোভাবে তুলে ধরবে জানিয়ে সচিব বলেন, উন্নত দেশগুলো ইতিপূর্বে অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তার যে প্রতিশ্রুতি দিয়েছিল, সে বিষয়ে নিজেদের অধিকারের বিষয়টি স্পষ্ট করা হবে। কারণ, জলবায়ু ঝুঁকিতে শীর্ষস্থানে থাকা সত্ত্বেও বাংলাদেশ প্রয়োজনীয় এই সহায়তা সবসময় পায় না।

​সফরে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ও তুরস্কের প্রেসিডেন্টের পাশাপাশি আরও কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

​প্রধানমন্ত্রীর এই সফরে তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজসহ সরকারের সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তা, মিডিয়া টিম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ সফরসঙ্গী হিসেবে থাকবেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0