দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট স্কোয়াডে রবিন ও নাঈম, ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেটে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে গোড়ালিতে গুরুতর চোট পান টাইগার ওপেনার সাদমান ইসলাম। এই ইনজুরির কারণে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেছেন তিনি। সাদমানের অনুপস্থিতিতে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট স্কোয়াডে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম রবিন এবং অভিজ্ঞ ব্যাটার নাঈম শেখ।
ক্যারিয়ারে প্রথমবারের মতো জাতীয় টেস্ট দলে ডাক পেলেন রবিন। তাকে দলে অন্তর্ভুক্ত করার কারণ ব্যাখ্যা করে জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, দীর্ঘদিন ধরে তারা একজন দক্ষ ডানহাতি ওপেনার খুঁজছিলেন এবং মাহফিজুলকে দেখে মনে হয়েছে সে এখন আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত। 'এ' দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে তার ভালো পারফরম্যান্সের কারণে নির্বাচকরা এই সাহসী সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
অন্যদিকে, দীর্ঘ বিরতির পর জাতীয় টেস্ট দলে ফিরেছেন নাঈম শেখ। দল নির্বাচন নিয়ে প্রধান নির্বাচক আরও জানান, ইনজুরির কারণে সাদমান তো বটেই, এমনকি মাহমুদুল হাসান জয়ও শেষ মুহূর্তে মেডিকেল কারণে দল থেকে ছিটকে গেছেন। ফলে ভালো ফর্মে থাকা নাঈম শেখকে দলে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলতে আগামী ১০ নভেম্বর ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট সিরিজ ছাড়াও স্বাগতিকদের বিপক্ষে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে টাইগারদের। সিরিজের প্রথম টেস্ট আগামী ১৫ থেকে ১৯ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে এবং দ্বিতীয় টেস্ট ২৩ থেকে ২৭ নভেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে অনুষ্ঠিত হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











