লক্ষ্মীপুরে বাস উল্টে নারীসহ নিহত ৩, আহত ১৫

০৯ নভেম্বর ২০২৬ - ১৪:৩৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
লক্ষ্মীপুরে বাস উল্টে নারীসহ নিহত ৩, আহত ১৫
ছবি সংগৃহীত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

​আজ সোমবার (৯ নভেম্বর ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ অংশের চরচামিতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​নিহত তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন—মানসুরা বেগম ও বাবুল হোসেন।

​চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদেল আকবর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া প্রায় ১৫ জন আহত যাত্রীকে উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

​আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন—নাজিম উদ্দিন, রাশেদ, বাসুদেব, সিদ্দিকুর রহমান, পলাশ উদ্দিন ও খোরশেদ। এ ছাড়াও মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে বৃদ্ধ আব্দুর রহমান ও তাঁর স্ত্রী সাজেদা বেগম হাসাপাতালে ভর্তি হয়েছেন।

​আহত যাত্রী আব্দুর রহমান গণমাধ্যমকে জানান, তাঁরা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। বাসচালক শুরু থেকেই অত্যন্ত বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা বারবার নিষেধ করা সত্ত্বেও চালক গাড়ির গতি কমাননি। শেষ পর্যন্ত চরচামিতা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

​হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাফিস এন্টারপ্রাইজের ‘আনন্দ পরিবহন’ নামের বাসটি দুর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করে এবং পরে দুর্ঘটনাগ্রস্ত বাসটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

​লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি জানান, সড়ক দুর্ঘটনায় তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এ ছাড়া আহত ১৫ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0