রাজনৈতিক আন্দোলন দেশের উন্নয়নের জন্য ক্ষতিকর: মন্ত্রী এ্যানি
টানা আন্দোলন ও রাজনৈতিক অস্থিরতা দেশ এবং স্থানীয় এলাকার সার্বিক উন্নয়নের জন্য মারাত্মক ক্ষতিকর বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বিরোধী দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, লাগাতার আন্দোলনের মাধ্যমে সরকারকে জিম্মি বা দুর্বল করার চিন্তা ফলপ্রসূ হবে না। বরং দেশের অর্জিত স্থায়িত্ব রক্ষা ও নতুনভাবে বাংলাদেশ পুনর্গঠনে সবার সহযোগিতামূলক ভূমিকা প্রয়োজন।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর এলাকায় ‘এসডিএফের বি স্ট্রং’ প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, জনগণ ভোটাধিকারের মাধ্যমে বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। বিগত ১৭ বছর ধরে দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে দেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনকার প্রধান দায়িত্ব হলো অর্জিত এই বিজয়কে সুরক্ষা দেওয়া এবং দেশকে নতুন রূপে গড়ে তোলা। এই উন্নয়ন ও পুনর্গঠন প্রক্রিয়ায় বিরোধী দলের ইতিবাচক সমর্থন ও সহযোগিতা জরুরি।
তিনি আরও বলেন, লংমার্চ কিংবা নতুন করে আন্দোলনের মাধ্যমে দেশকে অস্থিরতার মধ্যে রাখলে উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে। বিরোধীরা মনে করছে আন্দোলন করলে বিএনপির নেতৃত্ব বা সরকার দুর্বল হয়ে যাবে এবং সেই সুযোগে জনগণ বাধ্য হয়ে তাদের বেছে নেবে। তবে এমন সুযোগ দেওয়ার অবকাশ নেই উল্লেখ করে তিনি দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করার আহ্বান জানান।
চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব, উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভুঁইয়া, দিঘলী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরওয়ার, সাধারণ সম্পাদক কাজী নুরুল আমিন, বিএনপি নেতা শাহজাহান মিয়া এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহের ইসলাম জাহাঙ্গীরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











