তিন বছর পর বাংলাদেশে আসছেন লাকি আলী, গাইবেন ঢাকা ও চট্টগ্রামে
সুদীর্ঘ তিন বছর পর বাংলাদেশের শ্রোতাদের গান শোনাতে আবারও ঢাকায় আসছেন ভারতীয় উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী লাকি আলী। সর্বশেষ ২০২৩ সালে ঢাকায় কনসার্ট করে সংগীতপ্রেমীদের মুগ্ধ করেছিলেন এই তারকা। তবে এবারের আয়োজনে শুধু ঢাকাই নয়, বন্দরনগরী চট্টগ্রামেও মঞ্চ মাতাবেন তিনি।
'লাকি আলী বাংলাদেশ ট্যুর' শিরোনামের এই কনসার্টটির আয়োজন করেছে ইকিউব এন্টারটেইনমেন্ট এবং এর লজিস্টিক পার্টনার হিসেবে রয়েছে ঢাকা ব্রডকাস্ট। আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ১২ নভেম্বর চট্টগ্রামের অভিজাত হোটেল র্যাডিসন ব্লু এবং ১৩ নভেম্বর ঢাকার মাদানি অ্যাভিনিউয়ের শেফ'স টেবিল কোর্টসাইডে সংগীত পরিবেশন করবেন এই শিল্পী।
ইতিমধ্যে রাজধানী ঢাকার কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ সোমবার চট্টগ্রামের কনসার্ট নিয়েও আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে। দুই শহরের এই আয়োজনে লাকি আলীর সঙ্গে স্থানীয় একাধিক ব্যান্ড দলও মঞ্চে পারফর্ম করবে। আজই সেই ব্যান্ডগুলোর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।
ইকিউবের অফিসিয়াল ওয়েবসাইটে টিকিট পাওয়া যাচ্ছে। টিকিটের মূল্য তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে—জেনারেল ক্যাটাগরিতে ৪ হাজার টাকা, প্রিমিয়ামে ৭ হাজার টাকা এবং ভিআইপি ক্যাটাগরিতে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বিদেশি শিল্পীদের কিছু কনসার্ট স্থগিত হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল। এ বিষয়ে আয়োজক প্রতিষ্ঠান ইকিউব জানিয়েছে, অনুষ্ঠান আয়োজনের অনুমতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং সবুজসংকেত পাওয়ার পরেই তারা টিকিট বিক্রি শুরু করেছেন। প্রশাসনের সর্বাত্মক সহযোগিতায় একটি সফল ও জমজমাট কনসার্ট উপহার দিতে তারা বদ্ধপরিকর।
উল্লেখ্য, নব্বইয়ের দশকে ইন্ডি-পপ ও বলিউডের মেলোডি গানের ধারায় এক অনন্য স্থান তৈরি করেছিলেন লাকি আলী। ১৯৯৬ সালে তাঁর প্রথম একক অ্যালবাম 'সুনো' প্রকাশ পায়, যার বিখ্যাত গান 'ও সানাম' তাঁকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়। এরপর বলিউড প্লেব্যাকেও তিনি উপহার দিয়েছেন 'এক পল কা জিনা', 'না তুম জানো না হাম', 'আ ভি জা', 'জানে ক্যায়া ঢুন্ডতা হ্যায়', 'আহিস্তা' ও 'সফরনামা'র মতো অসংখ্যা কালজয়ী গান। ২০১৫ সালের পর থেকে চলচ্চিত্রের প্লেব্যাক থেকে ধীরে ধীরে সরে এসে স্বাধীন সংগীতেই নিয়মিত মনোযোগ দিয়ে আসছেন এই গুণী শিল্পী।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











