তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত বেড়ে ১৭

১০ নভেম্বর ২০২৬ - ১৬:৫৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত বেড়ে ১৭
ছবি সংগৃহীত

পশ্চিম তুরস্কের ইজমির প্রদেশের আলিয়াগা এলাকার একটি ইস্পাত কারখানায় আকস্মিক বিস্ফোরণে ১৭ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

​স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, হাবাস দেমির চেলিক নামক ওই কারখানায় দুপুরের দিকে ক্রেন ব্যবহার করে একটি নতুন বয়লার বসানোর কাজ চলছিল। কাজ চলাকালীন হঠাৎ ক্রেন ভেঙে বয়লারের ভারী অংশ নিচে থাকা চুল্লির ওপর গিয়ে পড়ে। এর ফলে তীব্র বিস্ফোরণ ঘটে।

​তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান প্রথমে ১৬ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছিলেন। পরবর্তীতে স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোলু জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক আহত শ্রমিকের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের তীব্রতায় চারপাশের এলাকা কেঁপে ওঠে। ইজমিরের গভর্নর সুলেমান এলবান আশঙ্কা প্রকাশ করে বলেছেন, কারখানার ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন। তাদের উদ্ধারে তৎপরতা চলছে।

​কারখানা কর্তৃপক্ষের প্রাথমিক ভাষ্য অনুযায়ী, বৈদ্যুতিক চুল্লিতে নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাটি কেন ঘটল তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে এবং উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

​এদিকে বিবিসির তুর্কি বিভাগের বরাતે স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, দুর্ঘটনাটি ঘটা আলিয়াগা এলাকাটি তুরস্কের অন্যতম প্রধান বন্দর এবং জাহাজ ভাঙা ও ভারী শিল্পের জন্য পরিচিত।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0