বয়স ও বোটক্স নিয়ে যা বললেন কারিনা কাপুর

১০ নভেম্বর ২০২৬ - ১৫:০৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বয়স ও বোটক্স নিয়ে যা বললেন কারিনা কাপুর
ছবি: সংগৃহীত

বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চেহারায় পরিবর্তন আসাকে স্বাভাবিক হিসেবেই দেখেন। তারকাদের ক্ষেত্রে বয়সের ছাপ লুকানোর প্রচলিত ধারার সঙ্গে নিজের চিন্তার কোনো মিল নেই বলে জানিয়েছেন তিনি। বাহ্যিক তারুণ্য ধরে রাখার চেয়ে শরীর ও মনের সুস্থতাকেই নিজের কাছে বেশি প্রাধান্য দেন এই অভিনেত্রী।

​সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বোটক্স ও প্রসাধনী অস্ত্রোপচার প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেছেন কারিনা। সাংবাদিক বরখা দত্তের সঙ্গে ‘মোজো স্টোরি’র ওই আলাপচারিতায় তিনি জানান, কৃত্রিম উপায়ে তারুণ্য ধরে রাখার ঘোর বিরোধী তিনি। নিজের যত্ন নেওয়ার পক্ষে থাকলেও সেটি হতে হবে সম্পূর্ণ স্বাস্থ্যকর ও স্বাভাবিক উপায়ে। তার মতে, শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখাই আসল সৌন্দর্য।

​সৌন্দর্যচর্চা ও শারীরিক পরিচর্যার পাশাপাশি মানসিক প্রশান্তি এবং নিজের প্রতিভাকে বিকশিত করার ওপরও জোর দিয়েছেন কারিনা। তার বিশ্বাস, বয়স বাড়ার সঙ্গে মানুষের অভিজ্ঞতা এবং জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিও বদলে যায়। এই পরিবর্তনকে অস্বীকার না করে জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করা উচিত। অভিনয়শিল্পীদের ক্ষেত্রে বয়স বাড়লে উল্টো নতুন ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ তৈরি হয় বলে মনে করেন তিনি।

​বর্তমান তরুণ প্রজন্মের বয়স নিয়ে অতিরিক্ত উদ্বেগের বিষয়টিও আলাপচারিতায় উঠে আসে। কারিনার মতে, আজকাল অনেক তরুণীই বয়স লুকিয়ে ১৮ বা ২০ বছরের মতো দেখাতে চান, যা বেশ ভাবনার বিষয়। নিজের বয়সের কথা উল্লেখ করে তিনি জানান, চল্লিশের কোঠায় এসে তিনি জীবনকে সবচেয়ে বেশি উপভোগ করছেন। আগের তুলনায় নিজের ভেতর আত্মবিশ্বাস ও পরিণত বোধ অনেক বেড়েছে।

​প্রায় আড়াই দশকের বর্ণিল ক্যারিয়ারে ‘কাভি খুশি কাভি গাম’, ‘জব উই মেট’, ‘থ্রি ইডিয়টস’ ও ‘বজরঙ্গি ভাইজান’-এর মতো দর্শকপ্রিয় ছবিতে অভিনয় করেছেন কারিনা। সময়ের সঙ্গে সঙ্গে নিজের কাজের পরিধি ও চরিত্র নির্বাচনেও এনেছেন বৈচিত্র্য। সম্প্রতি মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’ সিনেমায় পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0