নারায়ণগঞ্জে মাদ্রাসার আগুনে দগ্ধ ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৩
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় অবস্থিত ‘জামিয়া আশরাফিয়া’ মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ বা দগ্ধ ৬৩ জন শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে শারীরিক অবস্থা অবনতি হওয়ায় চারজনকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) পাঠানো হয়।
ঘটনাটি ঘটে সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ৫ তলাবিশিষ্ট ওই মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরি ও অফিস কক্ষে হঠাৎ করে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই ঘন কালো ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়ায় আবাসিক শিক্ষার্থীরা চরম আতঙ্ক ও বিপদের মুখে পড়েন। ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে অনেক শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
প্রাসঙ্গিক সংবাদ
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, হাসপাতালে ভর্তি হওয়া ৬৩ জনের ভেতর চারজনের অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় তাদের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে একজনকে মেকানিক্যাল ভেন্টিলেটরের মাধ্যমে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দেওয়া হচ্ছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা শিক্ষার্থীরা হলেন—ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফীন জানান, রাত ১টা ৫৫ মিনিটে খবর পেয়ে কাঁচপুর মডার্ন ও শিবু মার্কেট ফায়ার স্টেশনের মোট ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ২টা ৩০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিক তদন্তে ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক গোলযোগ বা শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আগুনে মাদ্রাসার লাইব্রেরি ও অফিস কক্ষের প্রায় ১৫ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











